সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

আপডেট : ২১ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে। ২১-এ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তবে প্রজ্ঞাপনে তার প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। একই সঙ্গে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

প্রশাসনিক ও রাজনৈতিক সূত্রগুলোর দাবি, সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারের দান ব্যবস্থাপনা নিয়ে নেওয়া কিছু উদ্যোগের কারণে সারওয়ার আলম ব্যাপক আলোচনায় আসেন। গত ১২ই জুন তিনি দুটি মাজার পরিদর্শন করে আয়-ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগের কথা জানান। এর অংশ হিসেবে মাজারে নতুন দানবাক্স স্থাপন করা হয় এবং ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করা হয়।

এ পদক্ষেপকে কেউ স্বচ্ছতা প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে দেখলেও মাজারের ভক্ত ও অনুসারীদের একটি অংশ এর বিরোধিতা করে। তাদের দাবি, শতাব্দীপ্রাচীন মাজার পরিচালনার ঐতিহ্যে হস্তক্ষেপ করা হয়েছে এবং দান সংগ্রহের প্রচলিত ব্যবস্থাকে পরিবর্তনের চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট মো. সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।