ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার জেরে এই সিদ্ধান্ত। ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কা সরিয়ে নেবার আবেদন জানিয়ে আইসিসিকে চিঠি দেবে বিসিবি। ভারতীয় বোর্ড বলছে, এটা হবে একটা ‘লজিস্টিক্যাল নাইটমেয়ার’।

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:২০ এএম

বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার জেরে বাংলাদেশ এবার ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটিতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 

বিসিবি বলছে, তারা আইসিসিকে চিঠি লিখে জানাবে, বাংলাদেশের ম্যাচগুলো যাতে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার ভেন্যুতে আয়োজন করা হয়।

বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এই সিদ্ধান্তের খবর নিশ্চিত করেছেন।

তবে কী কী কারণ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আইসিসির সঙ্গে আলোচনার অগ্রগতি কী, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

নাজমুল আবেদিন বলেন, “এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরে বিস্তারিত বিবৃতি দেবে।” 

অবশ্য বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে, খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত তারা একটি ইমেইলের মাধ্যমে আইসিসিকে জানিয়ে দেবে।

সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৈঠকের সিদ্ধান্ত পরে সংবাদ বিজ্ঞপ্তি পোঠিয়ে জানানো হয়।  

এতে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে সফর করবে না।

“এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে বিসিবি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে, যেন বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

“পরিচালনা পর্ষদের বিশ্বাস, এই পদক্ষেপটি নেওয়া জরুরি-বাংলাদেশি খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ড সদস্য ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং দলকে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে।” 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করে, আইসিসি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।

ধারণা করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর নির্দেশনা মেনে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে বাদ দেয়ার পর চলমান ঘটনা প্রবাহ, সাম্প্রতিক পরিস্থিতি, নিরাপত্তা ও সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবার কথা কলকাতা ও মুম্বাইয়ের মাঠে। 

এরই মধ্যে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার সিদ্ধান্ত জানিয়েছে। বাংলাদেশও একই পথ অনুসরণ করলে বিশ্বকাপের ভেন্যু ব্যবস্থাপনায় আইসিসির সামনে নতুন সিদ্ধান্তের বিষয়টি সামনে আসবে।

বিসিবির এই সম্ভাব্য পদক্ষেপ ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে সাম্প্রতিক কালে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

এর আগে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একটি ফেসবুক পোস্টে লেখেন, "আমরা কোনো অবস্থাতেই আমাদের ক্রিকেটার ও দেশের অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।”

আসিফ নজরুল লেখেন, “যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড  থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।”

এরপর বিসিবি সভা করে জানায় তারা আইসিসিকে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি দেবে।

আসিফ নজরুল তার পোস্টে এও লেখেন যে, তিনি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে অনুরোধ করেছেন, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়!

এর পর তথ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আইনি ভিত্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

তিনি আরও বলেছেন, ‘চুপ করে বসে থাকার উপায় নেই। একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।’ 

ভারতের প্রতিক্রিয়া

ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে চিঠি লেখার যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, তাকে ‘লজিস্টিক্যাল দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছে বিসিসিআই। 

“আপনি কারো ইচ্ছে অনুযায়ী খেলার সূচী বদলাতে পারেন না। এটা একটা লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। প্রতিদ্বন্দ্বি দলগুলোর কথা ভাবুন। তাদের বিমান টিকেট, হোটেল সব বুক করা হয়ে গেছে।” বিসিসিআইয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে লিখেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনের সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

স্কোয়াডে রয়েছেন:

১. লিটন কুমার দাস (অধিনায়াক)

২. সাইফ হাসান (সহ-অধিনায়ক)

৩. তানজিদ হাসান তামিম

৪. পারভেজ হোসাইন ঈমন

৫. তৌহিদ হৃদয়

৬. শামিম হোসেন

৭. নুরুল ইসলাম সোহান

৮. শেখ মেহেদি হাসান

৯. রিশাদ হোসেন

১০. নাসুম আহমেদ

১১. মুস্তাফিজুর রহমান

১২. তানজিম হাসান সাকিব

১৩. তাসকিন আহমেদ

১৪. মোহাম্মদ সাইফুদ্দিন

১৫. শরিফুল ইসলাম