ক্রিস্টিয়ানো রোনালদো: মাদেইরা থেকে মহাকালের অনন্ত যাত্রা

পর্তুগালের ফুটবল ইতিহাসে ইউসেবিও ছিলেন এক জাদুকর, লুইস ফিগো ছিলেন এক সেনাপতি; কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো হলেন সেই যোদ্ধা, যিনি পর্তুগালকে শুধু মানচিত্রে নয়, বিশ্বমঞ্চে এক বিজয়ী জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম

বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন কিছু অন্তহীন, অমীমাংসিত তর্ক-বিতর্ক আছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে বহমান এবং সময়ের সাথে সাথে তা আরও গভীর, আরও তীব্র হয়। ‘GOAT’ বা Greatest of All Time বা সর্বকালের সেরা কে? আধুনিক ফুটবলের আঙিনায় এই প্রশ্নটি আসলে কোনো সাধারণ আলোচনা নয়, এটি এক পরম মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদিকে লিওনেল মেসি আর অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো—যাদের এই মহাজাগতিক দ্বৈরথ পৃথিবীর বুকে এমন এক রোমাঞ্চকর আবহের সৃষ্টি করেছে, যার পুনরাবৃত্তি হয়তো ফুটবল ইতিহাস আর কোনোদিন, কোনো শতাব্দীতে দেখতে পাবে না।

২০২২ সালের সেই মহাকাব্যিক লুসাইল স্টেডিয়ামে আরাধ্য বিশ্বকাপ জয়ে লিওনেল মেসির গল্প একটি চক্র পূর্ণ করেছে। তার সেই ঈশ্বরদত্ত দুই পায়ের জাদু, ফুটবল শিল্প আর অনবদ্য কীর্তি ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে; তা অস্বীকার করার মতো ধৃষ্টতা কারোরই নেই। সেই সোনালী ট্রফিটি লিওনেল মেসিকে যেন এক অলৌকিক পূর্ণতা এনে দিয়েছে।

তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ফুটবল ভক্তের মতো আমার GOAT ভাবনা বার বার ফিরে যায় মাদেইরার সবুজ দ্বীপে। সর্বকালের সেরা কি শুধুই সবচেয়ে বেশি সম্মিলিত ট্রফি জয়ী কোনো জাদুকর? নাকি সর্বকালের সেরা আসলে এমন কাউকেও বলা যায়, যিনি একটি নিছক চামড়ার বলের খেলাকে ছাপিয়ে, তার সীমানা ছাড়িয়ে কোটি সাধারণ মানুষের ধূসর জীবন, তাদের অবদমিত মানসিকতা এবং ভাঙা স্বপ্নগুলোকে এক লহমায় বদলে দিয়েছেন মুহুর্মুহু? যিনি পৃথিবীর পাদপ্রদীপের আলোর দূরের কোন কোনায় বেঁচে থাকা এক অজানা অচেনা কিশোরকে স্বপ্ন দেখাতে পারেন এবং শেখাতে পারেন—কীভাবে চোয়াল শক্ত করে সমস্ত অসম্ভব, সমস্ত প্রতিকূলতা আর নিষ্ঠুর কঠিন বাস্তবতার এক হাত দেখে নিতে হয়।  

সেই পরম প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই, আমার চেনা সমস্ত রূপকথার গল্প ফিকে হয়ে আসে। আমি তখন কোনো অদৃশ্য অলৌকিকতার খোঁজ করি না, আমি ফিরে যাই এক ভীষণ জেদি, একরোখা আর কঠোর পরিশ্রমী রক্ত-মাংসের মানুষের কাছে—যার ধমনীতে বইছে এক চরম অবাধ্যতা। ক্রিস্টিয়ানো দস সান্তোস আভেইরো। এক নামে যাকে বিশ্ব চেনে রোনালদো বলে। জার্সি নম্বর সাত।

যিনি কোনো রাজপ্রাসাদে জন্ম নেননি, যার পায়ের জাদুতে ছিল না কোনো দৈব আশীর্বাদ। আটলান্টিকের বুকে মাদেইরা দ্বীপের এক অতি দরিদ্র পরিবারে, যেখানে অনাহার আর কান্না ছিলো নিত্যদিনের সঙ্গী, সেখান থেকে বুকে একরাশ আগুন নিয়ে যে ছেলেটি বিশ্বজয় করতে বেরিয়েছিলো—সে আর কেউ নয়, সে আমাদের মতো এক সাধারণ মানুষের অতিমানব হয়ে ওঠার জীবন্ত দলিল। সে আমাদের শেখায়, যদি তোমার পিঠ দেয়ালে ঠেকে যায়, তবে ঈশ্বরের ভরসায় বসে না থেকে নিজের রক্ত আর ঘাম দিয়ে নিজের ভাগ্য নিজেই লিখে নিও। আর এই কারণেই, ট্রফির হিসাবনিকাশ চুকিয়ে পৃথিবীর কোটি কোটি লড়াকু মানুষের কাছে সে কেবল একজন ফুটবলার নয়; সে এক অবিনশ্বর অনুপ্রেরণা, এক অদম্য জীবনদর্শন।

ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম কোনো জাঁকজমকপূর্ণ ফুটবল সাম্রাজ্যে হয়নি, তার শৈশবে কোনো রুপোর চামচ কিংবা অলৌকিক জাদুর ছোঁয়া ছিল না। সুনীল আটলান্টিক মহাসাগরের কোলে ভেসে থাকা পর্তুগালের ছোট্ট, অবহেলিত সবুজ দ্বীপ মাদেইরার এক সীমিত আয়ের জীর্ণ ঘরে তার বেড়ে ওঠা। তার বাবা ছিলেন স্থানীয় এক ক্লাবের কিটম্যান, যার কাজ ছিলো ফুটবলারদের কাদা মাখা বুট পরিষ্কার করা, সরঞ্জাম বহন করা আর মাঠ প্রস্তুত করা। অভাব যেখানে প্রতিদিনের সূর্যোদয়ের আগে দরজায় এসে কড়া নাড়ে, সেখানে ফুটবল এক বিলাসিতা নয়ত কী? কিন্তু ভাগ্যের ফেরে এই পরিবারটির ওপর আরও নিষ্ঠুর এক খড়গ নিয়ে এসেছিলো। মাত্র ১৫ বছর বয়সে, যখন ছেলেটি পায়ে স্বপ্ন জাল বুনতে শুরু করেছে, তখনই তার হৃদযন্ত্রের জটিলতা ধরা পড়ে। চিকিৎসকেরা বলেছিলেন, ফুটবল খেলা তো দূর, থমকে যেতে পারে জীবনের স্পন্দনই।

দারিদ্র্যের সেই বিষণ্ণ অন্ধকারে, যেখানে সন্তানের চিকিৎসার খরচ জোগানোই ছিলো, অসাধ্য হলেও ঈশ্বরের কৃপায় থমকে যায়নি সেই কিশোরের স্বপ্ন। হৃদযন্ত্রের জটিলতাকে হার মানিয়ে এক ফিনিক্স পাখির মতো জেগে উঠেছিলো শিশু রোনালদো। স্বপ্ন যে ছুঁতেই হবে। এরপর একটা সময় ঘর ছাড়ার পালা চলে এলো। মা-বাবার কোল ছেড়ে, চেনা দ্বীপের মায়া ত্যাগ করে লিসবনের একাডেমিতে যখন সে পা রাখলো চারপাশে তখন শুধুই একাকীত্ব, আর্থিক সীমাবদ্ধতা আর অচেনা শহরের উপহাস। রাতের অন্ধকারে একা একা কেঁদে বালিশ ভেজানো সেই কিশোরের সম্বল বলতে ছিলো কেবল বুকভরা জেদ আর ফুটবল পায়ে সকল কঠিনকে দুমড়ে-মুচড়ে ফেলার সহজাত্য।

সংগ্রামকে তিনি কখনো অজুহাত করে সামনে আনেননি। যদি আনতেন, তবে লিসবনের সেই ক্ষুধার্ত রাতে ম্যাকডোনাল্ডসের দরজার সামনে দাঁড়িয়ে অবশিষ্টাংশ খাবারের জন্য হাত পাতা কিংবা রাস্তা ঝাড়ু দেওয়া সেই হাড্ডিসার কিশোরের দু’পায়ের তাণ্ডবে আজ তছনছ হয়ে যেতো না আধুনিক ফুটবল বিশ্ব। রোনালদো তার জীবনের সমস্ত কষ্ট,  অবহেলা, ক্ষুধা আর বাধাকে রূপান্তরিত করেছিলেন এমন এক শক্তিতে, যা জানতো না কোন সীমানা।

আজ মাদেইরার সেই ছোট্ট দ্বীপ থেকে নির্গত হওয়া সেই লড়াইয়ের শক্তির সুবাস ছড়িয়ে গেছে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের বান্দরবানের কোনো এক পাহাড়ি আদিবাসী কিশোরের ভাঙা ঘরে, যে রোনালদোর ছবি দেখে বাঁশের তৈরি বলে লাথি মারে।

সেই শক্তির আলো পৌঁছে গেছে কক্সবাজারের উখিয়ার অন্ধকার শরণার্থী শিবিরে, যেখানে মাথা গোঁজার ঠাঁই না থাকা এক রোহিঙ্গা শিশু ধুলোবালির মাঠে গোল করে বাতাসে ভেসে চিৎকার করে ওঠে, ‘‘Siuuu!’’ যেখানে রোনালদো তাদেরকে শেখায়, উদ্বাস্তু হওয়া মানেই স্বপ্নের মৃত্যু নয়।

এই একই সংকল্পের আগুন অনুপ্রেরণা জোগায় ফিলিস্তিনের ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা এক এতিম শিশুকে, যার চারপাশের পৃথিবীটা বোমায় ঝাঁঝরা হয়ে গেলেও বুকের ভেতর বেঁচে আছে রোনালদোর মতো সমস্ত কঠিনকে হারিয়ে দেওয়ার এক অবিনাশী শক্তি।

বিশ্ব এক অদ্ভুত প্রলয় দেখেছিলো রোনালদোর পায়ে । ওল্ড ট্রাফোর্ডের সবুজ ক্যানভাসে ১৮ বছরের এক চপল কিশোর যখন প্রথম পা রাখলো, রক্ষণভাগের চতুর ডিফেন্ডাররা বুঝতেই পারেনি তাদের সামনে আসলে কী দাঁড়িয়ে আছে। দু’পায়ে জাদুকরী স্টেপ-ওভার আর পিচে ঝড়ের গতি নিয়ে আসা সেই তরুণ ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন ফুটবল ময়দানের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। যে ঝড়ে খড়ের কুটোর মতো উড়ে যেত প্রতিপক্ষ, আর গ্যালারিতে বসা হাজারো মানুষ বুঁদ হয়ে দেখত এক নক্ষত্রের জন্মলগ্নের আলো। কিন্তু বিধাতা যাকে কেবল প্রতিভা দিয়ে পাঠান, সময় তাকে খুব দ্রুতই ভুলে যায় যদি না সে সেই প্রতিভাকে সম্মান জানাতে না পারেন। রোনালদো হয়তো জানতেন, প্রতিভা কেবল একটা বন্ধ দরজা খুলে দিতে পারে, কিন্তু ইতিহাসে অমর হয়ে থাকতে হলে সেই প্রতিভার প্রয়োজন হয় যত্ন।

তাই ম্যানচেস্টারের মেঘলা আকাশ থেকে যখন ওল্ড ট্রাফোর্ডের ‘থিয়েটার অফ ড্রিমসে’ তার রাজত্ব শুরু হলো, তিনি নিজেকে ভেঙে নতুন করে গড়তে শুরু করলেন। স্যার অ্যালেক্স ফার্গুসনের সেই ছায়াতলে কিশোর ড্রিবলার থেকে তিনি হয়ে উঠলেন এক নির্মম গোলমেশিন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম ব্যালন ডি'অর আর সাধারণের অধরা চ্যাম্পিয়ন্স লিগ জিতে যখন  আকাশ ছুঁয়ে ফেলার কথা, রোনালদো তখন সন্ধান করছিলেন ভিন্ন এক রুপকের। তিনি নিজেকে এক আরামদায়ক কক্ষে বন্দি রাখতে চাননি। দিগ্বিজয়ের নেশা তাকে টেনে নিয়ে গেলো সান্তিয়াগো বার্নাব্যুর সাদা জার্সিতে, রিয়াল মাদ্রিদের আঙিনায়।

মাদ্রিদে তখন হিমালয়সম চাপ, দুনিয়া জুড়ে কোটি মানুষের প্রত্যাশার চাপ। কিন্তু রোনালদো সেই চাপকেই টোটকা বানিয়ে অধিষ্ঠিত হলেন রাজার আসনে। ৪৩৮টি ম্যাচে ৪৫১টি গোল—ম্যাচ প্রতি একেরও বেশি গোলের এই অবিশ্বাস্য সমীকরণ মানব ইতিহাসের অন্যতম ফুটবলীয় রাজত্ব।

ইউরোপের সবচেয়ে  মর্যাদাপূর্ণ মঞ্চ, চ্যাম্পিয়ন্স লিগ তখন আর কোনো সাধারণ খেলার আয়োজন রইল না; সেটি হয়ে গেলো তার খুব চেনা রাস্তা। যখন ম্যাচের ৮৫ মিনিটে পুরো স্টেডিয়াম ভয়ে স্তব্ধ হয়ে যেত, যখন কোটি কোটি ভক্তের বুক দুরুদুরু কাঁপত, তখন রোনালদো’র চোখে জ্বলে উঠত এক খুনে চিলের দৃষ্টি।

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করে অসম্ভবকে সম্ভব করা কিংবা জুভেন্টাসের বিপক্ষে সেই মহাজাগতিক বাইসাইকেল কিক, রোনালদো শুধু রক্ত হিম করা মহা গুরুত্বপূর্ণ ম্যাচের গল্পই বদলে দেননি, তিনি ফুটবলকে পরিণত করেছেন থ্রিলার সিনেমায়। তার নামের পাশে আজ চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ ১৪০টি গোল। বাকি সবাই অনেক দূরে।  

কিন্তু মাদ্রিদের সেই স্বর্গীয় সুখও তাকে আটকে রাখতে পারেনি। তেত্রিশ বছর বয়সে, যখন একজন গড়পড়তা ফুটবলার অবসরের দিন গোনে, তিনি পা বাড়ালেন ইতালির তুরিনে। জুভেন্টাসের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ভেঙে প্রমাণ করলেন, লিগ বদলায়, ভূগোল বদলায়, ভাষা বদলায়, কিন্তু ফুটবলে তার গোল করা আর জয়ের ক্ষুধা আর নিবারণ হয় না । আর আজ, ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে সৌদি আরবের মরুভূমিতে আল-নাসরের হয়ে খেলছেন যখন, তখন তিনি শুধু গোল করছেন না, পুরো ফুটবল বিশ্বের ভূরাজনীতি এবং বৈশ্বিক বাজারকে একাই টেনে নিয়ে গেছেন মধ্যপ্রাচ্যে।

এই ফুটবলীয় পরাক্রমের পাশাপাশি রোনালদো নিজের দেশের জন্য হয়ে উঠেছেন এক ত্রাতা। পর্তুগালের ফুটবল ইতিহাসে ইউসেবিও ছিলেন এক জাদুকর, লুইস ফিগো ছিলেন এক সেনাপতি; কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো হলেন সেই যোদ্ধা, যিনি পর্তুগালকে শুধু মানচিত্রে নয়, বিশ্বমঞ্চে এক বিজয়ী জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

২০১৬ সালের সেই নাটকীয় ইউরো চ্যাম্পিয়নশিপ এবং পরবর্তীতে নেশনস লিগের ট্রফি জয় পর্তুগালের ফুটবলারদের ধমনীতে এক অদ্ভুত আত্মবিশ্বাস এনে দিয়েছিলো। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে ১৪৬টিরও বেশি গোল করে তিনি আজ পৃথিবীর সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার সিংহাসনে আসীন।

ক্যারিয়ারে তার এই অবিশ্বাস্য দীর্ঘায়ু আসলে সময় নামক এক ক্রূর দেবতার বিরুদ্ধে এক চরম বিদ্রোহ। যেখানে ৩০ বছরের পর শরীর জবাব দিতে শুরু করে, সেখানে রোনালদো নিজের শরীরকে বানিয়েছেন এক ল্যাবরেটরি।

দৈনিক ৩-৪ ঘণ্টার কঠোর জিম সেশন, কঠোর ডায়েট, আর বরফ-শীতল বিশেষ থেরাপি চেম্বারে রিকভারি প্রসেস, সব মিলিয়ে তিনি সময়কে বুড়ো আঙুল দেখিয়েছেন। আর তাই আজ ৪১ বছর বয়সেও তার নামের পাশে জ্বলজ্বল করছে ক্যারিয়ারের ৯৭৫ টি গোলের সেই অলৌকিক মাইলফলক, যা ইতিহাসের সর্বোচ্চ। যখনই সমালোচকরা তার অবসরের চিতা সাজিয়েছে, তখনই তিনি মাঠে নেমে হ্যাটট্রিক করে সেই চিতায় জল ঢেলে দিয়েছেন।

অথচ মাঠের এই নিষ্ঠুর, অহংকারী সিংহটি মাঠের বাইরে এলে বদলে যায়।  তার এই বদলের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এমন কিছু মানুষের হৃদয়ে, যেখানে ফুটবল কেবল খেলা নয়—বেঁচে থাকার শেষ সম্বল।

গ্যালারিতে বসা সেই ৯ বছরের দৃষ্টিহীন ইরানি বালকটির কথা ধরা যাক, যে কখনো সবুজ ঘাস দেখেনি, দেখেনি রোনালদোর সেই মহাজাগতিক উড়াল। কিন্তু তার বাবা যখন একটি কাঠের তৈরি ট্যাকটিক্স বোর্ডের ওপর ছেলের হাত দুটি রেখে রোনালদোর গোলের প্রতিটি পাস আর শটের গতিপথ আঙুল দিয়ে ছুঁয়ে দিচ্ছিলেন, তখন সেই অন্ধ শিশুটির মুখে যে স্বর্গীয় হাসি ফুটে উঠেছিলো, তা যেন এক মুহূর্তে ভুলিয়ে দিয়েছিলো দৃষ্টিহীনতার ব্যাথা । রোনালদো তার কাছে এক অদৃশ্য নন, দৃশ্যমান আনন্দের উৎস।

কিংবা সেই স্ট্রেচারে শুয়ে থাকা প্যারামেডিক ম্যান বা হাসপাতালের বিছানায় ক্যান্সারের সাথে পাঞ্জা লড়া সেই মুমূর্ষু শিশুটির কথাই ধরা যাক, যার জীবনের শেষ ইচ্ছা ছিল ক্রিস্টিয়ানোকে একবার ছুঁয়ে দেখা। কেমোথেরাপির যন্ত্রণায় নীল হয়ে যাওয়া শিশুটির কপালে যখন রোনালদো চুমু খেয়ে নিজের স্বাক্ষর করা সাত নম্বর জার্সিটি তুলে দেন, তখন সেই হাসপাতালের চার দেয়ালে ক্যান্সার হেরে যায়, জিতে যায় প্রাণ।

এই প্রভাব শুধু ইউরোপ বা মধ্যপ্রাচ্যের শীতাতপ নিয়ন্ত্রিত গ্যালারিতে সীমাবদ্ধ নেই। বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের নোনা ধরা গ্রামের এক ছেঁড়া চটের ঘরে, যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানেও এক কিশোর রাতে খালি পেটে ঘুমানোর আগে দেয়ালে টানানো রোনালদোর একটা ছেঁড়া পোস্টারের দিকে তাকিয়ে স্বপ্ন দেখে। সে বিশ্বাস করে, ছেঁড়া বুট আর ভাঙা পিচ কোনো বাধা নয়, যদি বুকে রোনালদোর মতো একরোখা জেদ থাকে।

আজকের জেন-আলফা প্রজন্ম, যারা প্রযুক্তির আলোয় বড় হচ্ছে, তাদের কাছে ‘Siuuu!’ কেবল একটা গোল উদযাপন নয়, এটি যেকোনো বাধা ভেঙে গর্জে ওঠার মন্ত্র। আর এই উত্তরাধিকারকে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছেন আজকের আধুনিক ফুটবলের রাজপুত্ররা। কিলিয়ান এমবাপ্পে যখন সান্তিয়াগো বার্নাব্যুর মঞ্চে সাদা জার্সি গায়ে লক্ষাধিক মানুষের সামনে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানোর মতোই দু'হাত উঁচিয়ে হুঙ্কার ছাড়েন, কিংবা আর্লিং হালান্ড যখন বলেন রোনালদোর গোল করার ক্ষুধাই তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, তখন প্রতীয়মান হয় সাম্রাজ্যের মুকুট কখনো মিলিয়ে যায় না, তা কেবল যোগ্য উত্তরসূরির মাথায় স্থানান্তরিত হয়।

একদিন হয়তো রোনালদোর হাজার গোলের রেকর্ডও ভেঙে যাবে। ভবিষ্যতে কোনো নতুন তরুণের পায়ে হয়তো এর চেয়েও বেশি ট্রফি উঠবে।চকিন্তু সময় কি আর কখনো ক্রিস্টিয়ানো রোনালদোর মতো এমন এক চরিত্র তৈরি করতে পারবে? যিনি বুকের ভেতর আগুন নিয়ে মাঠে নামতেন, যিনি সমালোচকদের শিসধ্বনিকে নিজের জ্বালানি বানাতেন, যিনি হেরে যাওয়ার পর শিশুর মতো কান্না করতেন আর জেতার পর সিংহের মতো গর্জন করতেন। ক্রিস্টিয়ানো রোনালদো কেবল একজন ফুটবলার নন; তিনি পরের প্রজন্মকে শিখিয়ে গেছেন, দেখিয়ে গেছেন যে স্বপ্নের সীমানা থাকা উচিত নয় আর সেই অসীম স্বপ্নকে ছুঁতে হলে প্রতিটি মুহূর্ত লড়াই করে যাওয়া অত্যন্ত আনন্দের।

রোনালদো কোনো জাদুকরের মতো শূন্য থেকে আলো তৈরি করেননি, সকল কঠিন, সকল বাধাকে সংকল্প দিয়ে জয় করেছেন, আর শত তরুণের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছেন স্বপ্ন আর সাহস।

আর এই কারণেই, যখন চলমান ফুটবল ইতিহাসের সমস্ত হিসাব-নিকাশ যখন টেবিলের ওপর রাখা হবে, সমস্ত গোল আর অ্যাসিস্টের ট্যালির ছবি আঁকা হবে, তার এক পাশ দিয়ে উঁকি দিয়ে আলো ছড়াবে ক্রিস্টিয়ানো রোনালদোর অস্তিত্ব। যেই আলোর বিকিরণে অনুপ্ররনা খুঁজবে এমন এক কিশোর যার জন্য ক্রিস্টিয়ানো রোনালদো অনুপ্রেরণার ইতিহাস আর বাধা ভেঙ্গে এগিয়ে যাওয়ার গল্প। যে গল্প চলমান মাদেইরা থেকে মহাকালে। যে গল্পের শেষ নেই।