পদ্মা-মেঘনার ইলিশ যাচ্ছে কোথায়? কত কমলো আপনার ভাগের ইলিশ?

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

একসময় বাংলাদেশ থেকে ভারতে যেতো ইলিশ। এখন উল্টো ভারত থেকেই বাংলাদেশে আসছে। গত এক বছরে ভারত থেকে ইলিশ আমদানি বেড়েছে প্রায় ৩১ গুণ। অথচ একই সময়ে বাংলাদেশে ইলিশের উৎপাদন কমছে, আর ভারতের গুজরাটের নর্মদায় বাড়ছে।

২০২৫ সালের জুলাইয়ে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি শুরু হয়। প্রথম বছরে এসেছিল মাত্র ১৭.৮৫ টন। চলতি বছরের ১লা জুলাই থেকে ২২এ সেপ্টেম্বর পর্যন্ত এসেছে ৫৫৩ টন। আমদানি পর্যায়ে প্রতি কেজি ইলিশের মূল্য পড়েছে প্রায় ২০২ টাকা।

অন্যদিকে, ২০২২–২৩ অর্থবছরে বাংলাদেশে ইলিশ উৎপাদন ছিলো ৫ লাখ ৭১ হাজার টন। ২০২৫–২৬ অর্থবছরের প্রাথমিক হিসাবে তা নেমেছে ৫ লাখ টনের নিচে।

ঠিক একই সময়ে গুজরাটে ২০২৫–২৬ সালে ইলিশ উৎপাদন বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৮৮ টন। নদীভিত্তিক উৎপাদনও এক বছরে ১২৩.৬২ টন থেকে বেড়ে ৪ হাজার ৬৪৫.৯৯ টন হয়েছে।

তাহলে কি ইলিশ তার চেনা ঠিকানা বদলাচ্ছে? বাংলাদেশের নদী-সাগরে কী পরিবর্তন হচ্ছে? আর নর্মদাতেই বা কেন বাড়ছে ইলিশ?

তবে বাংলাদেশে ইলিশ কমার সঙ্গে নর্মদায় উৎপাদন বাড়ার সরাসরি কারণ-ফল সম্পর্কের প্রমাণ নেই। ইলিশের জীবনচক্রে নদীর প্রবাহ, গভীরতা, পানির তাপমাত্রা, দূষণ, প্রজননক্ষেত্র ও সাগর থেকে নদীতে আসার পথ গুরুত্বপূর্ণ। 

এর মধ্যেই ২৩এ সেপ্টেম্বর ২০২৬ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করেছে বাংলাদেশ এবং বাতিল করা হয়েছে ১০৩টি এনওসি।

আমদানি বন্ধ হলো। কিন্তু ইলিশের আসল প্রশ্নটা কি তাহলে বাজারে, নাকি নদীতেই?