সামার ট্রান্সফার উইন্ডো কী, বিশ্বকাপ কীভাবে বদলে দেয় দলবদলের বাজার
ফুটবলে সবচেয়ে বড় লড়াই সবসময় মাঠে হয় না। কখনো সেই লড়াই চলে ক্লাবের অফিসে, এজেন্টের ফোনে, চুক্তির পাতায় আর ঘড়ির কাঁটার সঙ্গে। একজন খেলোয়াড় যখন বিশ্বকাপে দেশের হয়ে ইতিহাস লেখেন, তখনই হয়তো অন্য কোথাও শুরু হয়ে যায় তাকে পাওয়ার আরেক প্রতিযোগিতা।
নাবিয়া নাভেলী হোসেন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএমআপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম
একটা ফুটবল ম্যাচ শেষ হয় ৯০ মিনিটে। কিন্তু একজন ফুটবলারকে এক ক্লাব থেকে আরেক ক্লাবে নিতে যে খেলা শুরু হয়, তার কোনো নির্দিষ্ট ৯০ মিনিট নেই।
কখনো কয়েক মাস ধরে চলে আলোচনা। কখনো একটি ফোনকলেই বদলে যায় সব হিসাব। কখনো কোনো খেলোয়াড়ের জন্য শুরু হয় একাধিক ক্লাবের লড়াই, আবার কখনো ট্রান্সফার ফি ছাড়াই পাওয়া যায় বড় কোনো তারকা। কিন্তু তার বেতন, সাইনিং বোনাস আর এজেন্টের পারিশ্রমিক সামলাতে খরচ হয় বিপুল অর্থ।
ফুটবলে এই পুরো ব্যস্ততার সবচেয়ে পরিচিত সময় হলো সামার ট্রান্সফার উইন্ডো।
আর ২০২৬ সালের সামার উইন্ডো একটু আলাদা। কারণ এবার দলবদলের বাজার আর বিশ্বকাপ, দুটো আলাদা সময়ে হয়নি। উত্তর আমেরিকায় যখন জাতীয় দলগুলো বিশ্বকাপের জন্য লড়েছে, তখন একই সময়ে ক্লাবগুলোও চালিয়ে গেছে নিজেদের দল গড়ার কাজ।
অর্থাৎ, কোনো খেলোয়াড়ের জন্য একদিকে ছিলো দেশের হয়ে বিশ্বকাপ জেতার লড়াই, অন্যদিকে ছিলো নিজের ক্লাব ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়।
সামার ট্রান্সফার উইন্ডো আসলে কী
সহজ করে বললে, বছরের নির্দিষ্ট একটি সময় থাকে যখন ক্লাবগুলো অন্য ক্লাবের অধীনে থাকা খেলোয়াড়কে নিজেদের দলে নিবন্ধন করতে পারে। এই সময়েই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় স্থায়ী দলবদল, লোন এবং নতুন খেলোয়াড় নিবন্ধনের মতো কার্যক্রম।
তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ট্রান্সফার উইন্ডো খোলার আগেই আলোচনা শুরু হতে পারে। ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে যোগাযোগ, দর-কষাকষি কিংবা সম্ভাব্য চুক্তির আলোচনা অনেক আগে থেকেই চলতে পারে, কিন্তু খেলোয়াড়কে নতুন ক্লাবে নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট দেশের নির্ধারিত রেজিস্ট্রেশন পিরিয়ড খোলা থাকতে হয়।
এই সময়টাকে সাধারণভাবে ‘ট্রান্সফার উইন্ডো’ বলা হলেও ফিফার ভাষায় এটি মূলত রেজিস্ট্রেশন পিরিয়ড। আর এর সময় নির্ধারণ করে ফিফা নয়, সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশন।
প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশন তাদের নির্ধারিত সময় ফিফার সিস্টেমে জমা দেয়। ২০২৬ সালে ইউরোপের বড় লিগগুলোর সময়সূচিও এক নয়।
ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে উইন্ডো খুলেছে ১৫ই জুন এবং বন্ধ হবে ১লা সেপ্টেম্বর রাত ১১টায় ব্রিটিশ সময়। ইতালি, স্পেন, জার্মানি ও ফ্রান্সে শুরু হওয়ার তারিখ আলাদা হলেও বড় ইউরোপীয় লিগগুলোর উইন্ডো ১লা সেপ্টেম্বরের আশপাশেই শেষ হচ্ছে।
অর্থাৎ, জুন থেকে সেপ্টেম্বর, এই কয়েক মাসই ইউরোপের ক্লাব ফুটবলে দল গড়ার সবচেয়ে ব্যস্ত সময়।
কেন ২০২৬ সালের উইন্ডো অন্যরকম
এর উত্তর খুঁজতে এক বছর পেছনে তাকাতে হয়।
২০২৫ সালে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ আয়োজনের কারণে ক্লাবগুলোর জন্য বিশেষ একটি ট্রান্সফার উইন্ডো খোলা হয়েছিলো ১লা থেকে ১০ জুন। উদ্দেশ্য ছিলো, ক্লাবগুলো যেন টুর্নামেন্ট শুরুর আগেই নতুন খেলোয়াড় দলে নিতে পারে।
২০২৬ সালে সেই বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয়নি। কিন্তু এবার সমস্যাটা অন্য জায়গায়।
বিশ্বকাপ নিজেই চলে এসেছে সামার ট্রান্সফার উইন্ডোর মাঝখানে।
অর্থাৎ, ক্লাবগুলো যখন নতুন মৌসুমের দল সাজানোর কাজ করছে, তখন তাদের অনেক সম্ভাব্য খেলোয়াড় ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে জাতীয় দলের হয়ে।
ফলে এবার ট্রান্সফার বাজারে একটি অদ্ভুত দৃশ্য দেখা গেছে যে খেলোয়াড় মাঠে বিশ্বকাপ খেলছেন, আর তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে মাঠের বাইরে।
একটা ট্রান্সফার শেষ হতে এত সময় লাগে কেন
কোনো খেলোয়াড়ের নাম সংবাদমাধ্যমে আসা আর তার নতুন ক্লাবের খেলোয়াড় হয়ে যাওয়া এক কথা নয়।
ধরা যাক, ক্লাব ‘ক’ কোনো খেলোয়াড়কে দলে নিতে চায়। প্রথমে তাকে পেতে তার বর্তমান ক্লাবের সঙ্গে ট্রান্সফার নিয়ে সমঝোতা করতে হবে। এরপর খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত চুক্তি, বেতন, চুক্তির মেয়াদ, বোনাস ইত্যাদি ঠিক করতে হবে। এরপর মেডিকেল, প্রয়োজনীয় কাগজপত্র এবং নিবন্ধনের আনুষ্ঠানিকতা।
স্থায়ী দলবদলের ক্ষেত্রে ট্রান্সফার ফি থাকতে পারে। আবার লোনের ক্ষেত্রে খেলোয়াড় সাময়িকভাবে অন্য ক্লাবে যেতে পারেন। আর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে কোনো খেলোয়াড় ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাবে যেতে পারেন, যেখানে আগের ক্লাবকে ট্রান্সফার ফি দিতে হয় না।
এই কারণেই “চুক্তি হয়ে গেছে” আর “ট্রান্সফার সম্পন্ন হয়েছে” এই দুটো সবসময় একই অর্থ বহন করে না।
শেষ মুহূর্তে কেন ট্রান্সফার এত নাটকীয় হয়ে ওঠে
কারণ এখানে সময়ও একটা সম্পদ।
ইংল্যান্ডে ২০২৬ সালের সামার উইন্ডো ১লা সেপ্টেম্বর রাত ১১টায় বন্ধ হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না হলে, একটি প্রায় সম্পন্ন দলবদলও ভেস্তে যেতে পারে।
ইংল্যান্ডে নির্দিষ্ট শর্তে ‘ডিল শিট’ জমা দেওয়ার মাধ্যমে ক্লাবগুলো অতিরিক্ত সময় পেতে পারে, কিন্তু তার জন্যও নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শুরু করতে হয়।
তাই ট্রান্সফার ডেডলাইন ডে-তে শুধু ফুটবলার আর ক্লাব কর্মকর্তারাই ব্যস্ত থাকেন না। আইনজীবী, এজেন্ট, মেডিকেল টিম, প্রশাসনিক কর্মী সবাই তখন ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়ান।
একটি স্বাক্ষর কয়েক মিনিট দেরি হলে কোটি কোটি টাকার চুক্তিও থেমে যেতে পারে।
বিশ্বকাপ কীভাবে বদলে দেয় ট্রান্সফার বাজার
বিশ্বকাপ কোনো খেলোয়াড়ের বাজারমূল্য নিজে থেকে নির্ধারণ করে না।
কিন্তু এটি এমন একটি মঞ্চ তৈরি করে, যেখানে একজন খেলোয়াড়কে একই সময়ে বিশ্বের প্রায় সব বড় ক্লাব দেখতে পারে।
ক্লাবের হয়ে ভালো পারফরম্যান্স করা এক বিষয়। কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে নিজের দেশের হয়ে পারফর্ম করা সম্পূর্ণ অন্য পরীক্ষা।
২০১৪ সালের জেমস রদ্রিগেস তার অন্যতম পরিচিত উদাহরণ।
ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বুট জেতার পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই মোনাকো থেকে রেয়াল মাদ্রিদে যোগ দেন তিনি।
রেয়ালের জন্য ট্রান্সফারটির মূল্য প্রায় ৮০ মিলিয়ন ইউরো বলে তখন রিপোর্ট হয়েছিলো। রেয়াল মাদ্রিদও পরে তাদের নিজস্ব ইতিহাসে লিখেছে, ২০১৪ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পরই জেমস তাদের দলে যোগ দেন। অর্থাৎ, বিশ্বকাপ কখনো কখনো একজন খেলোয়াড়ের প্রতিভাকে শুধু দর্শকদের সামনে নয়, সম্ভাব্য নতুন নিয়োগকর্তাদের সামনেও তুলে ধরে।
তবে বিশ্বকাপের প্রভাব শুধু নতুন ক্রেতার নজর কাড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি টুর্নামেন্টের পারফরম্যান্স কোনো ক্লাবের আগে থেকে করা পরিকল্পনাও বদলে দিতে পারে। দুর্দান্ত পারফরম্যান্স কোনো খেলোয়াড়কে হঠাৎ করে আরও আকর্ষণীয় করে তুলতে পারে, আবার একটি চোট কোনো ক্লাবকে নতুন করে ট্রান্সফার বাজারে নামতে বাধ্য করতে পারে।
অ্যাস্টন ভিলার আমাদু ওনানার ঘটনাটি তার একটি উদাহরণ। বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে খেলতে গিয়ে গুরুতর হাঁটুর চোটে পড়েন এই মিডফিল্ডার। তাকে দীর্ঘ সময়ের জন্য হারানোর পর ভিলার আগে থেকে করা মাঝমাঠের পরিকল্পনাতেও পরিবর্তন আসে এবং ক্লাবকে নতুন খেলোয়াড়ের দিকে তাকাতে হয়।
আবার উল্টো ছবিও দেখা যায়। বিশ্বকাপে ভালো পারফরম্যান্স কোনো খেলোয়াড়ের প্রতি আগ্রহ বাড়িয়ে দিতে পারে। ইংল্যান্ডের হয়ে এলিয়ট অ্যান্ডারসনের পারফরম্যান্স যেমন ম্যানচেস্টার সিটির আগ্রহের পাশাপাশি তার বাজারের আলোচনাকেও আরও তীব্র করেছে।
অর্থাৎ, বিশ্বকাপ শুধু কোন খেলোয়াড় কতটা ভালো, সেই প্রশ্নের উত্তর দেয় না। কখনো এটি ক্লাবকে নতুন করে ভাবতে বাধ্য করে কাকে কিনবে, কাকে রাখবে, আর কাকে হারানোর পর কাকে দিয়ে জায়গাটা পূরণ করবে।
তবে একজন খেলোয়াড়ের সম্ভাব্য বাজারমূল্য আর তার চূড়ান্ত ট্রান্সফার ফি এক জিনিস নয়। মাঝখানে থাকে দর-কষাকষির দীর্ঘ প্রক্রিয়া।
একটি ক্লাব কোনো খেলোয়াড়ের জন্য ১০০ মিলিয়ন ইউরো চাইলেই অন্য ক্লাবকে সেই পুরো অঙ্ক একবারে পরিশোধ করতে হবে এমন নয়। ট্রান্সফার ফি অনেক সময় নির্ধারিত হয় একটি নির্দিষ্ট অঙ্কের সঙ্গে বিভিন্ন শর্ত ও বোনাস যোগ করে।
খেলোয়াড় কতগুলো ম্যাচ খেললেন, দল কোনো শিরোপা জিতল কি না, চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিল কি না এমন নানা শর্তের ওপর নির্ভর করে অতিরিক্ত অর্থ যোগ হতে পারে।
আবার পুরো অর্থ একবারে পরিশোধ না করে কয়েকটি কিস্তিতেও চুক্তি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে পুরোনো ক্লাব ভবিষ্যতে ওই খেলোয়াড়কে আবার বিক্রি করা হলে সেই অর্থের একটি অংশ পাওয়ার শর্তও রাখতে পারে।
ফলে সংবাদে যে ট্রান্সফার ফি-টি দেখা যায়, সেটিও অনেক সময় একটি সরল সংখ্যা নয়; তার পেছনে থাকে একাধিক শর্ত ও হিসাব।
তবে বিশ্বকাপ মানেই দাম বেড়ে যাওয়া নয়
এখানেই ট্রান্সফার বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আসে।
একজন খেলোয়াড়ের মার্কেট ভ্যালু আর তাকে কিনতে ক্লাবকে যে ট্রান্সফার ফি দিতে হবে, এই দুটো কিন্তু এক জিনিস নয়।
বয়স, পারফরম্যান্স, পজিশন, চুক্তির মেয়াদ, ভবিষ্যৎ সম্ভাবনা, খেলোয়াড়ের চাহিদা এবং বিক্রেতা ক্লাবের আর্থিক অবস্থাসহ অনেক কিছু মিলে বাজারমূল্যের ধারণা তৈরি হয়।
অন্যদিকে ট্রান্সফার ফি নির্ধারিত হয় দুই ক্লাবের আলোচনার মাধ্যমে, অথবা চুক্তিতে যদি নির্দিষ্ট রিলিজ ক্লজ থাকে, তাহলে সেই শর্ত অনুযায়ী।
২০১৭ সালে নেইমারের ঘটনা এর সবচেয়ে পরিচিত উদাহরণ।
বার্সেলোনার সঙ্গে তার চুক্তিতে ছিলো ২২২ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ। পিএসজিনেইমারকে নিতে চাইলে সেই পুরো অর্থ পরিশোধ করেই চুক্তির বাধা সরাতে হয়েছিলো। ফলে এটি ছিলো এমন একটি দলবদল যেখানে দুই ক্লাব বসে নেইমারের দাম ঠিক করেনি, খেলোয়াড়ের চুক্তিই আগে থেকে একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে রেখেছিলো।
সেই ২২২ মিলিয়ন ইউরোই এখন পর্যন্ত নেইমারকে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারে পরিণত করে।
অর্থাৎ, একজন খেলোয়াড়ের বাজারমূল্য, তার চুক্তির মূল্য এবং তাকে দলে নিতে বাস্তবে যে অর্থ খরচ হবে, সবসময় একই সংখ্যা নয়।
বিশ্বকাপের একটি গোল কি সত্যিই সব বদলে দিতে পারে
২০২৬ বিশ্বকাপে এই প্রশ্নের সবচেয়ে জীবন্ত উদাহরণ ফেরান তোরেস।
বিশ্বকাপের শুরুতে স্পেনের একাদশে নিজের জায়গা ধরে রাখতে পারেননি তোরেস। কঠিন শুরুর পর তিনি বেঞ্চেও চলে যান। কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের গল্পটাই বদলে দেন।
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের ১০৬তম মিনিটে বদলি হিসেবে নেমে গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে বিশ্বচ্যাম্পিয়ন করেন তিনি। ফিফাও তার গল্পটিকে “ডাউট থেকে হিরো” হয়ে ওঠার গল্প হিসেবে তুলে ধরেছে।
কিন্তু সেই গোলের প্রভাব শুধু স্কোরবোর্ডে থেমে থাকেনি। নিজের ওপর বিশ্বাসও যেন নতুন করে ফিরে পেয়েছিলেন তোরেস। বিশ্বকাপের আগে যে খেলোয়াড় নিজের জায়গা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন, ফাইনালের পর তার কথাবার্তাতেও বদল দেখা যায়।
বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সময় তিনি স্পষ্ট করে দেন, ক্লাব যদি তাকে রাখতে চায়, তাহলে সেটি শুধু কথায় নয়, তাদের কাজেও দেখাতে হবে যে বার্সেলোনাকে তাকে বোঝাতে হবে যে তারা সত্যিই তাকে চায়।
অর্থাৎ, বিশ্বকাপের মঞ্চে একটি গোল শুধু তোরেসের বাজারমূল্যের গল্প বদলায়নি; বদলেছে তার নিজের অবস্থানও। যে খেলোয়াড় কিছুদিন আগেও নিজের জায়গা নিয়ে লড়ছিলেন, তিনিই এবার নিজের ভবিষ্যৎ নিয়ে শর্ত রাখার মতো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।
বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই গল্প আর শুধু মাঠে আটকে থাকেনি। ১৫ই অগাস্ট বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন তোরেস, পাঁচ বছরের চুক্তিতে। ট্রান্সফারটির মূল্য প্রায় ৫০ মিলিয়ন ইউরো।
অর্থাৎ, বিশ্বকাপের একটি গোল একা কোনো ট্রান্সফার তৈরি করেনি। তোরেসের আগের পারফরম্যান্স, তার চুক্তির পরিস্থিতি, পিএসজির প্রয়োজন এবং বার্সেলোনার সিদ্ধান্ত সবকিছুই এখানে কাজ করেছে। কিন্তু বিশ্বকাপ তার গল্পের ওপর আলো ফেলেছে। একটা গোল শুধু স্কোরবোর্ড বদলায়নি, একজন খেলোয়াড়কে ঘিরে বাজারের গল্পও বদলে দিয়েছে।
বিশ্বকাপ চললেও ট্রান্সফার থেমে থাকে না
বিশ্বকাপ চলার সময় খেলোয়াড়েরা জাতীয় দলের হয়ে ব্যস্ত থাকলেও ট্রান্সফার বাজার থেমে থাকে না। মাঠের বাইরে তাদের এজেন্ট, ক্লাব কর্মকর্তা ও প্রতিনিধিরা চালিয়ে যেতে পারেন আলোচনা ও দর-কষাকষি।
বরং বিশ্বকাপের মঞ্চ অনেক সময় সেই আলোচনাকে আরও তীব্র করে। একজন খেলোয়াড় ভালো খেললে নতুন ক্লাবের আগ্রহ বাড়তে পারে, আবার চোট পেলে সম্ভাব্য দলবদল জটিল হয়ে উঠতে পারে। ফলে একই সময়ে একজন খেলোয়াড়ের সামনে দুটি আলাদা লড়াই চলতে পারে, জাতীয় দলের হয়ে বিশ্বকাপ, আর নিজের ভবিষ্যতের জন্য ট্রান্সফার বাজার।
২০২৬ সালের উইন্ডোকে আলাদা করে তুলেছে ঠিক এই সমান্তরাল লড়াইটাই।
চুক্তির মেয়াদও কখনো বিশ্বকাপের চেয়ে বড়
এখানে রদ্রির মতো ঘটনাগুলো গুরুত্বপূর্ণ।
একজন খেলোয়াড় বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হলেই তাকে পাওয়া সহজ হয়ে যায় না। তার বর্তমান ক্লাব তাকে বিক্রি করতে রাজি কি না, চুক্তির আর কত বছর বাকি, ক্রেতা ক্লাব কত দিতে প্রস্তুত এসবই সমান গুরুত্বপূর্ণ।
২০২৬ সালের গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার মধ্যে রদ্রিকে নিয়ে আলোচনাই তার উদাহরণ। বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতানোর পর বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ দুদলেরই আগ্রহের কেন্দ্রে ছিলেন এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত বার্সেলোনাই তাকে পেতে এগিয়ে যায়।
আগের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি বার্সেলোনার প্রায় ৬৫ দশমিক ৪ মিলিয়ন ইউরোতে প্রস্তাব গ্রহণ করেছে। রদ্রি চার বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিতে সম্মত হয়েছেন।
তার বর্তমান চুক্তির আর মাত্র এক বছর বাকি থাকায় সিটির সামনে ছিল আরও একটি হিসাব, এখন বিক্রি করে অর্থ পাওয়া, নাকি চুক্তির শেষ পর্যন্ত অপেক্ষা করা।
এখানে বিশ্বকাপের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আরেকটি প্রশ্ন, একজন খেলোয়াড়কে বিক্রি করতে বর্তমান ক্লাব কতটা প্রস্তুত, কারণ খেলোয়াড়ের ইচ্ছা, বাজারমূল্য আর ক্লাবের চাওয়া এই তিনটি সবসময় এক জায়গায় মেলে না।
খেলোয়াড় যেতে চান, ক্লাব যেতে দিতে চায় না
হুলিয়ান আলভারেজের ঘটনাটি এই দ্বন্দ্বকে আরও স্পষ্ট করে।
আলভারেজকে নিয়ে রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, দুই ক্লাবেরই আগ্রহ ছিল। ৯ই জুন রেয়াল মাদ্রিদ প্রকাশ্যেই আতলেতিকো মাদ্রিদের কাছে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার কথা জানায়। আতলেতিকো সেটি প্রত্যাখ্যান করে খেলোয়াড়ের রিলিজ ক্লজের দিকে ইঙ্গিত করে।
এর উল্টো ছবিও আছে। ব্রুনো গিমারায়েসের নিউক্যাসল থেকে আর্সেনালে ৭৫ মিলিয়ন ইউরোতে দলবদল দেখায়, কখনো কোনো ক্লাব গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়তে রাজি হয় কারণ প্রস্তাবিত অর্থটি তাদের কাছে যথেষ্ট লাভজনক।
এই অর্থ শুধু নিউক্যাসলের পাওয়া সবচেয়ে বড় ট্রান্সফার ফিগুলোর একটি নয়, ২৮ বছর বা তার বেশি বয়সি কোনো খেলোয়াড়ের জন্য এটি সর্বকালের শীর্ষ ১০-এর মধ্যে পড়ে।
এখানে বোঝা যায়, একজন খেলোয়াড়ের জন্য বিপুল অর্থ খরচ করতে রাজি হওয়া আর তাকে পাওয়া দুটি আলাদা বিষয়।
খেলোয়াড়ের নিজের পছন্দ থাকতে পারে। ক্রেতা ক্লাবের বাজেট থাকতে পারে। কিন্তু শেষ পর্যন্ত বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি এবং তার শর্তও মানতে হবে।
অর্থাৎ, ট্রান্সফার বাজারে শুধু প্রশ্ন থাকে না যে “কে তাকে চায়?” প্রশ্ন থাকে “কে তাকে ছাড়তে রাজি?”
আবার কখনো সবচেয়ে বড় খবর কেউ কোথাও গেলেন না
সব দলবদলের গল্প নতুন ক্লাব দিয়ে শেষ হয় না। কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় পুরোনো ক্লাবেই থেকে যাওয়া।
ভিনিসিয়ুস জুনিয়রের ঘটনাটি তার উদাহরণ। কয়েক মাসের জল্পনার পর ৬ই অগাস্ট রেয়াল মাদ্রিদ ঘোষণা করে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি হয়েছে ২০৩২ সালের ৩০এ জুন পর্যন্ত।
আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তি হওয়ায় রেয়াল তাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রাখল এবং সম্ভাব্য ফ্রি ট্রান্সফারের ঝুঁকিও এড়াল।
এখানে বিশ্বকাপের ভূমিকা সরাসরি কোনো ট্রান্সফার তৈরি করা নয়। বরং বিশ্বকাপের পর একজন খেলোয়াড়কে ঘিরে বাজারের আগ্রহ, ক্লাবের পরিকল্পনা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেও চুক্তি নবায়ন হতে পারে।
অর্থাৎ, দলবদল মানেই শুধু “কে কোথায় গেল” না কখনো সবচেয়ে বড় খবর হয় “কে কোথাও গেলেন না”।
‘ফ্রি এজেন্ট’ মানে কি সত্যিই ফ্রি
ট্রান্সফার বাজারে ‘ফ্রি’ শব্দটি একটু ধোঁকাবাজ। শুনতে মনে হয়, কোনো খেলোয়াড়কে পাওয়া গেল একেবারে বিনা খরচে। বাস্তবে গল্পটা এত সহজ নয়।
কোনো খেলোয়াড়ের সঙ্গে তার পুরোনো ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে এবং নতুন চুক্তি না হলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে অন্য ক্লাবে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে নতুন ক্লাবকে আগের ক্লাবকে কোনো ট্রান্সফার ফি দিতে হয় না।
কিন্তু খেলোয়াড়কে দলে পেতে যে খরচ নেই, তা নয়। বরং বড় তারকার ক্ষেত্রে ট্রান্সফার ফি না দেওয়ার সুবিধাটাই অনেক সময় বেতন, সাইনিং বোনাস, পারফরম্যান্স বোনাস এবং অন্যান্য আর্থিক খাতে চলে যায়।
এর সবচেয়ে পরিচিত উদাহরণ লিওনেল মেসি। ২০২৩ সালে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। অর্থাৎ, মেসিকে দলে ভেড়াতে ইন্টার মায়ামিকে পিএসজিকে কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি।
কিন্তু তার চুক্তি ছিলো শুধু একটি সাধারণ খেলোয়াড়ি চুক্তি নয়। বেতন ও অন্যান্য আর্থিক সুবিধার পাশাপাশি এতে ছিলো ক্লাবের মালিকানায় অংশীদারিত্ব এবং অ্যাপলের সঙ্গে এমএলএসের সম্প্রচার চুক্তি ও অ্যাডিডাসের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্ব থেকে আয়ের সুযোগ।
ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও দেখা যায় একই বাস্তবতা। ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবেই আল-নাসরে যোগ দেন তিনি। ফলে সৌদি ক্লাবটিকে ইউনাইটেডকে কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি।
কিন্তু তাকে দলে আনার সামগ্রিক আর্থিক প্যাকেজ ছিলো বিশাল। তার বেতন ও বাণিজ্যিক আয়ের পাশাপাশি চুক্তির সঙ্গে সৌদি ফুটবলের প্রচার এবং দেশের বৈশ্বিক ভাবমূর্তি তুলে ধরার মতো বড় বাণিজ্যিক ও প্রচারণামূলক ভূমিকা যুক্ত ছিলো।
আরও সাম্প্রতিক উদাহরণ কিলিয়ান এমবাপ্পে। ২০২৪ সালে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ফ্রি এজেন্ট হিসেবে রেয়াল মাদ্রিদে যোগ দেন। ফলে রেয়ালকে পিএসজিকে কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি। কিন্তু এমবাপ্পেকে ‘ফ্রি’ পাওয়ার অর্থ এই নয় যে চুক্তিটি সস্তা ছিলো। বিশাল বেতন, সাইনিং বোনাস এবং অন্যান্য আর্থিক সুবিধা মিলিয়ে তার চুক্তির সঙ্গে যুক্ত ছিল বিপুল অঙ্কের অর্থ।
অর্থাৎ, ট্রান্সফার ফি শূন্য হতে পারে, কিন্তু একজন খেলোয়াড়কে দলে আনার মোট খরচ কখনোই শুধু সেই একটি সংখ্যায় আটকে থাকে না।
একটি ট্রান্সফারের আসল খরচ কত
একটি বড় ট্রান্সফারের অঙ্ক শুনলেই আমরা সাধারণত শুধু খেলোয়াড়ের ট্রান্সফার ফির কথাই ভাবি। কিন্তু বাস্তবে সেই অঙ্ক পুরো গল্প নয়।
খেলোয়াড়কে নতুন ক্লাবে নিয়ে আসার পর বেতন, সাইনিং বোনাস, পারফরম্যান্সভিত্তিক বোনাস, চুক্তির মেয়াদ সবকিছুর হিসাব যোগ হয়। আর এই হিসাবের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র থাকেন পর্দার আড়ালে, ফুটবল এজেন্ট।
ক্লাবের সঙ্গে আলোচনা, বেতন, চুক্তির মেয়াদ, বোনাস, রিলিজ ক্লজ কিংবা খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে দর-কষাকষিতে এজেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এর বিনিময়ে তারাও পারিশ্রমিক পান।
ফলে একটি ট্রান্সফারের মোট অর্থনৈতিক হিসাব করতে গেলে খেলোয়াড়ের ট্রান্সফার ফি ও বেতনের পাশাপাশি এজেন্টের পারিশ্রমিকও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ফিফার ফুটবল এজেন্ট রেগুলেশন অনুযায়ী, প্রতিনিধিত্বের ধরন ও চুক্তির কাঠামোর ওপর ভিত্তি করে এজেন্টের পারিশ্রমিকের নির্দিষ্ট সীমা রয়েছে। ফলে বড় অঙ্কের ট্রান্সফারে এজেন্টের পারিশ্রমিকও ছোট কোনো অঙ্ক নয়।
কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রেও এই হিসাবের একটি বাস্তব উদাহরণ পাওয়া যায়। তার মা ফাইজা লামারি দীর্ঘদিন ধরে তার পেশাগত ও আর্থিক বিষয় দেখভাল করছেন এবং বিভিন্ন প্রতিবেদনে তার এজেন্ট হিসেবে পাওয়া পারিশ্রমিকের অঙ্ক কয়েক মিলিয়ন ইউরো বলে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, একজন খেলোয়াড়ের চুক্তির আর্থিক হিসাব শুধু খেলোয়াড় নিজে কত পাচ্ছেন, সেখানেই শেষ হয় না; তাকে প্রতিনিধিত্ব করা ব্যক্তির পারিশ্রমিকও সেই বৃহত্তর হিসাবের অংশ হতে পারে।
তাই কোনো বড় ট্রান্সফারের অঙ্ক দেখলে শুধু ট্রান্সফার ফি দেখলেই পুরো ছবিটা পাওয়া যায় না। একটি চুক্তিতে থাকতে পারে খেলোয়াড়ের বেতন, সাইনিং বোনাস, এজেন্টের পারিশ্রমিক, পারফরম্যান্সভিত্তিক বোনাস, পুরোনো ক্লাবের পাওনা এবং ভবিষ্যতে খেলোয়াড় বিক্রি হলে অর্থ ভাগাভাগির মতো শর্তও।
অর্থাৎ, সংবাদে যখন লেখা হয় কোনো খেলোয়াড়কে ‘৫০ মিলিয়ন ইউরোতে’ কেনা হয়েছে, সেই ৫০ মিলিয়নই সবসময় ক্লাবটির মোট খরচ নয়।
ফলে ‘ফ্রি ট্রান্সফার’ আর ‘বিনা খরচে ট্রান্সফার’ও এক জিনিস নয়। আগের ক্লাবকে কোনো ট্রান্সফার ফি না দিলেও নতুন ক্লাবকে খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে বড় অঙ্কের আর্থিক প্রতিশ্রুতি নিতে হতে পারে। তার সঙ্গে যোগ হতে পারে এজেন্টের পারিশ্রমিকসহ আরও নানা খরচ।
ফুটবলের মাঠে একটি ট্রান্সফারকে ৯০ মিনিটের খেলায় দেখা যায় না। এর হিসাব শুরু হয় তার অনেক আগে, আর শেষও হয় অনেক পরে।
তাহলে বিশ্বকাপ আসলে কী বদলায়
বিশ্বকাপ কোনো খেলোয়াড়ের দাম একা ঠিক করে না। কিন্তু এটি এমন একটি মঞ্চ, যেখানে একজন খেলোয়াড়ের পারফরম্যান্স একই সময়ে বিশ্বের প্রায় সব বড় ক্লাবের নজরে আসতে পারে।
একটি দুর্দান্ত ম্যাচ তাকে নতুন বাজারে নিয়ে যেতে পারে। একটি গোল তাকে নতুন করে আলোচনায় ফিরিয়ে আনতে পারে। একটি চোট সম্ভাব্য দলবদল থামিয়ে দিতে পারে।
আবার একজন খেলোয়াড় বিশ্বকাপে দুর্দান্ত খেলেও হয়তো কোথাও যাবেন না কারণ তার ক্লাব তাকে ছাড়তে রাজি নয়, অথবা তার চুক্তির শর্ত অন্য কিছু বলছে।
২০২৬ সালের সামার ট্রান্সফার উইন্ডো তাই শুধু খেলোয়াড় কেনাবেচার গল্প নয়। এটি একই সঙ্গে বিশ্বকাপ, বাজারমূল্য, চুক্তি, ক্লাবের কৌশল, খেলোয়াড়ের ইচ্ছা, এজেন্টের দর-কষাকষি এবং সময়ের বিরুদ্ধে দৌড়ের গল্প।
বিশ্বকাপ মাঠে শেষ হয়েছে। কিন্তু তার প্রভাবের গল্প এখনও শেষ হয়নি।
কারণ এবার বিশ্বকাপের শেষ বাঁশি বাজতেই অনেক খেলোয়াড়ের জন্য শুরু হয়েছে আরেকটি প্রতিযোগিতা যে কে জিতবে তাদের সই।

বার্সেলোনার সঙ্গে তার চুক্তিতে ছিলো ২২২ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ। পিএসজি নেইমারকে নিতে চাইলে সেই পুরো অর্থ পরিশোধ করেই চুক্তির বাধা সরাতে হয়েছিলো। ফলে এটি ছিলো এমন একটি দলবদল যেখানে দুই ক্লাব বসে নেইমারের দাম ঠিক করেনি, খেলোয়াড়ের চুক্তিই আগে থেকে একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে রেখেছিলো।

বিষয়: