তিনি শুধু ‘গ্ল্যামারাস’ই নন, তিনি ‘হ্যাপেনিং’। কখনো প্রতিবাদে, কখনো আবেগে, কখনো রাগে - তিনি ফিরে ফিরে আসেন বারবার, আলোচনার ঠিক মাঝখানে। পর্দায় তার ছবি চলুক বা না চলুক, পরীমনির জীবন যেন এক ধামাকা ছায়াছবির স্ক্রিপ্ট, সাসপেন্সের যেখানে কোন শেষ নেই।
তন্ময় ইমরান
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ এএমআপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া
ঢাকায় লাগাতার ককটেল বিষ্ফোরণ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ঘোষিত হরতাল কর্মসূচী, কিংবা ককটেল হামলার পর ধরা পড়া একজনের বিএনপিসংযোগ - এসব নিয়েই রবিবার রাতে সরগরম ছিলো সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ বাবল।
কে জানতো, আলোচনার এইসব রাজনৈতিক রসদ নিমেষেই সিনেম্যাটিক মোড় নেবে! সব আলোচনা ছাপিয়ে মধ্যরাতে পাদপ্রদীপের আলোয় আবারো অঘটনঘটনপটীয়সী পরীমনি।
গুলশানের ওয়েডিং কার্নিভালে দেখানো তার ‘মিডল ফিঙ্গার’ তখন নতুন আলোচনার বিষয়।
ধর্মঘটের ডাক থেকে কথার মোড় ঘুরে গেল আঙুলের দিকে। মধ্যরাতে মধ্যমার খেলায় ফের শিরোনামে পরীমনি।
রাজনীতির উত্তাপ ছাপিয়ে আলোচনা গড়াল তারকার শিষ্টাচারে। মনোযোগের এমন দ্রুত পালাবদলে পরীমনি অবশ্য নতুন মুখ নন।
তিনি কেবল গ্ল্যামারাসই নন, তিনি হ্যাপেনিং।
তার জীবনে ঘটনা ঘটে, তিনি তার জবাব দিতে জানেন, যে জবাবগুলো আবার নিজেরাই ঘটনা হয়ে ওঠে।
কখনো প্রতিবাদে, কখনো আবেগে, কখনো রাগে তিনি ফিরে আসেন আলোচনার ঠিক মাঝখানে।
পর্দায় তার ছবি চলুক বা না চলুক, পরীমনির জীবনের স্ক্রিপ্ট যেন ঠিক করে রেখেছে, সাসপেন্স থামবে না।
বাস্তব জীবনে এই নায়িকা কখনো নির্যাতনের অভিযোগ নিয়ে সামনে আসা নারী, কখনো সন্তানকে আগলে রাখা স্নেহশীলা সিঙ্গল মাদার, কখনো নানাকে হারানো শোকাতুর নাতনি। কখনো প্রভাবশালীর বিরুদ্ধে লড়তে নামা অভিযোগকারী, কখনো নিজেই মামলার আসামি। প্রেম, বিচ্ছেদ, গ্রেপ্তার, মাদক মামলা, প্রতিবাদ, কী নেই তার জীবনে!
নিজের জীবন তাকে যত ক্যারিশম্যাটিক রোল উপহার দিয়েছে, বাংলা সিনেমা তাকে তত ভালো চিত্রনাট্য দেয়নি।
থিয়েটারে কম দেখা, বাস্তবে বেশি চেনা
শাবনূর এখন কী করছেন, জানেন? কিংবা পপি?
শাবনূর অস্ট্রেলিয়ায় ছেলেকে নিয়ে থাকেন। পপিও সংসার ও সন্তান নিয়ে আছেন; ভালো কাজ পেলে অভিনয়ে ফেরার ইচ্ছার কথা বলেছেন।
দর্শকপ্রিয়তার ইতিহাস তাদেরও আছে, কিন্তু প্রতিদিনের আলোচনায় তাদের খুঁজতে হয়। পরীমনিকে খুঁজতে হয় না।
সোশাল মিডিয়ায় তিনি সরব। দৈনন্দিন জীবন নিয়ে নিয়মিত করেন পোস্ট। খবরের পাতা খুললেও কোনো না কোনোভাবে তিনি হাজির।
তার কয়টি ছবি দেখেছেন? জিজ্ঞেস করলে আপনি হয়তো নাম মনে করতে সময় নেবেন। কিন্তু ব্যক্তিগত জীবনের ওপর কুইজ নিলে উত্তরদাতার অভাব হবে না।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে পরীমনির মুক্তিপ্রাপ্ত ছবির যাত্রা। ‘স্বপ্নজাল’-এ তার অভিনয় প্রশংসা পেয়েছে। ‘বিশ্বসুন্দরী’কে বাণিজ্যিকভাবে সফল বলে বর্ণনা করেছে সংবাদমাধ্যম। ‘রঙিলা কিতাব’-এর জন্য জনপ্রিয় বিভাগে অভিনয়ের পুরস্কারও পেয়েছেন। কাজের খাতা পুরো সাদা রেখে শুধু বিতর্কের খাতা খুললে হিসাব মেলে না।
আবার বিপুল পরিচিতির পাশে ধারাবাহিক বক্স অফিস সাফল্যের ঘাটতি নিয়ে প্রশ্ন তোলাও যায়। প্রশ্ন করলেই বিদ্বেষ হয় না। তবে প্রশ্নের পেছনে প্রমাণ থাকা দরকার।
ছবির আয়-ব্যয়ের যাচাইযোগ্য হিসাব ছাড়া ‘সব ফ্লপ’ বলা যত সহজ, প্রতিষ্ঠা করা তত নয়। আর বাংলাদেশের ক্ষেত্রে খুব অদ্ভুত ব্যাপার হলো, সিনেমা বক্স অফিসে কতটা চলেছে, সেই সংক্রান্ত আয়-ব্যয়ের হিসাব খোলাসা নয়। বলতে পারেন, এখানে বক্স অফিস বলতে আসলে কিছু নেই।
ধরা যাক, পরীমনির কোনো ছবি প্রত্যাশামতো চলেনি। তাতে তিনি ‘ভুয়া’ হয়ে যাবেন কেন?
শাকিব খানের সঙ্গে ‘আরও ভালোবাসব তোমায়’ও প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি বলে সে সময়ের সালতামামিতে উল্লেখ আছে। অথচ একই বছরে শাকিবের অন্য ছবি ব্যবসা করেছে।
বড় নায়কও যখন প্রতিটি ছবির সাফল্যের নিশ্চয়তা নন, তখন ব্যর্থতার পুরো বিল নায়িকার নামে পাঠানোর নিয়মটি চালু করলেন কে?
শেষ কবে নায়িকার টানে বাংলাদেশে ছবি চলেছে, এই প্রশ্ন তোলা যায়। তবে শাবানা বা শাবনূরের দর্শকপ্রিয়তার ইতিহাস মুছে দিয়ে নয়। বরং পাশে এই হিসাবও থাকুক: এখন নায়িকাকে কেন্দ্র করে কটি ছবি তৈরি হয়, কজনকে নিজের নামে ছবি টানার মতো গল্প, বিনিয়োগ আর প্রচার দেওয়া হয়?
নায়িকাকে কতটা জায়গা দিলাম, তা দেখব না; শুধু কতটা জায়গা নিতে পারলেন, তারই পরীক্ষা নেব, এ কেমন বিচার?
মন্তব্যের ঘরে বসে আদালত
২০২১ সালের জুনে বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ নিয়ে সামনে এসেছিলেন পরীমনি। অভিযুক্তদের মধ্যে ছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। অভিযোগের নিষ্পত্তি আদালতের কাজ। কিন্তু একজন নারী প্রভাবশালী কারও বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করছেন, এটিও খবর, এটিও তার জীবনের অংশ।
এরপর অগাস্টে মাদক মামলায় গ্রেপ্তার হন তিনি। কয়েক দফা রিমান্ড। প্রায় চার সপ্তাহ পুলিশ হেফাজতে থাকার পর সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। বারবার রিমান্ড নিয়ে হাইকোর্টের প্রশ্নও উঠেছিল।
পরীমনির ক্ষেত্রেও ব্যক্তিগত সম্পর্ক, বাড়ির দৃশ্য, পরিচিতজন, সব মিলিয়ে আলোচনা হয়েছে এমনভাবে, যেন একজন নারীর জীবনযাপনই তার বিরুদ্ধে সাক্ষ্য। অথচ গ্রেপ্তার হওয়া আর দোষী সাব্যস্ত হয়ে সাজা পাওয়া এক কথা নয়।
মুক্তির দিন হাতের তালুতে মেহেদি রঙে লেখা ইংরেজি বার্তা নিয়েও আলোচনা হয়েছিল। এবার সেই তালু থেকে আঙুল দেখানোয় এসেছে বিতর্ক। তার প্রতিবাদের ভাষা নিয়ে আপত্তি অবশ্যই থাকতে পারে।
একইভাবে একবার অন্যায় হয়েছে বলেই পরের সব ঘটনায় তিনি ঠিক, এই ছাড়পত্রও দেওয়া যায় না।
কাট বলার পরেও জীবন চলে
নায়ক শরীফুল রাজের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান, বিচ্ছেদ, সবই খবর হয়েছে। সম্পর্কের টানাপোড়েনে সহকর্মীদের নাম এসেছে, অভিযোগের জবাবে এসেছে অস্বীকার।
ব্যক্তিগত বিরোধে প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা সমর্থনযোগ্য নয়। আবার কিছু পোস্ট আর ভিডিও জোড়া দিয়ে একটি সম্পর্কের পুরো সত্য উদ্ধার করে ফেলেছি, এই বিশ্বাসও বাড়াবাড়ি আত্মবিশ্বাস।
২০২২ সালে পরীমনির পুত্রসন্তানের জন্ম। ২০২৩ সালে বিচ্ছেদের উদ্যোগ। ২০২৪ সালে একটি কন্যাশিশুকে পরিবারে নেওয়ার ঘোষণা। এই জীবনটিও তার।
সন্তানের ছবি প্রকাশ করেন বলে সেই মাতৃত্ব অভিনয় হয়ে যায় না। একজন অভিনেত্রী ক্যামেরার বাইরেও মা হতে পারেন, এই সহজ কথাটি মনে রাখতে এত কষ্ট হওয়ার কথা নয়। অথচ তাকে এ নিয়েও কটু কথা শুনতে হয়েছে।
নানার বাসায় বড় হয়েছেন পরীমনি। নানা শামসুল হক গাজী মারা যান ২০২৩ সালে। সেই শোক নিয়েও মানবিক প্রতিবেদন হয়েছে। তার সন্তান, একাকিত্ব, স্বজন হারানোর বেদনা, এসব সংবাদমাধ্যম পাঠকের কাছে পৌঁছে দিয়েছে।
এ কথা মনে রাখলে ‘সব সাংবাদিক তার শত্রু’ গল্পটি আর টেকে না। কিন্তু মানবিক প্রতিবেদন ছেপে সংবাদমাধ্যম তার কাছে কৃতজ্ঞতার কিস্তিও দাবি করতে পারে না। মানুষের কষ্ট মানুষের মতো তুলে ধরা পেশাগত দায়িত্ব।
আবার একজন সাংবাদিকের সঙ্গে বিরোধকে গোটা পেশার বিরুদ্ধে অভিযোগপত্র বানানোর সুযোগও পরীমনির নেই।
এক পাশে বন্ধু, অন্য পাশে প্রতিপক্ষ
২০২৪ সালের নভেম্বরে যমুনা ফিউচার পার্কের একটি শোরুমের অনুষ্ঠানে বিশৃঙ্খলা হয়েছিল। নিরাপত্তাকর্মীদের আচরণ, ভিড় ও সংবাদ সংগ্রহের অসুবিধা নিয়ে সাংবাদিকদের আপত্তির মধ্যে পরীমনি অনুষ্ঠান ছেড়ে যান। তখনও সাংবাদিকদের কেউ কেউ তাকে ও মঞ্চের অন্যদের উদ্দেশ করে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিয়েছিল।
পরে রাতে ফেসবুক পোস্টে পরীমনি কিন্তু পাল্টা সাংবাদিক বন্ধু ও সহকর্মীদের অসম্মানিত হওয়ার কথা তুলে নিজের সম্মান নিয়েও প্রশ্ন করেন। এটাও পরীমনি। বরং সাংবাদিকবিরোধী পরীমনির ছবি তৈরি করলে তা হবে আংশিক, খুব খণ্ডিত ক্ষুদ্রাংশ মাত্র।
আবার ২০২৫ সালের জানুয়ারিতে টাঙ্গাইলের এলেঙ্গায় স্থানীয় হেফাজত নেতাদের আপত্তিতে তার শোরুম উদ্বোধনের অনুষ্ঠান বাতিল হয়েছিল। সেখানে তার কোনো আচরণের বিচার হয়নি; তার উপস্থিতিই ছিল আপত্তির কারণ।
কিন্তু এবারের আদালতের ঘটনায় অভিযোগ তার বিরুদ্ধেই।
৫ই নভেম্বর আদালতের লিফটে পরীমনির অভিযোগ, তার হাত এমনভাবে ধরা হয়েছিল যে তিনি ব্যথা পান।
তার কথা অনুযায়ী, লিফটের দরজা মোবাইল জার্নালিস্টদের সরঞ্জামের কারণে লাগছিল না। তখন তিনি সেগুলোর একটিকে বের করে দিতে গেলে কেউ একজন জোরে হাত চেপে ধরেন। তাতে তিনি প্রচণ্ড ব্যথা পান।
এ ঘটনার জন্য পরীমনি সমকালের সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে দায়ী মনে করে উত্তপ্ত কথা বলেন। তবে সাংবাদিক রাজু তা অস্বীকার করেন। তার বক্তব্য, সংবাদ সংগ্রহের সময় তিনি পরীমনির গায়ে হাত দেননি।
ফোন কেড়ে নেওয়া, সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্য সাংবাদিকদের সঙ্গে পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়েও অভিযোগ এসেছে।
লিফটে সত্যিই অনাকাঙ্ক্ষিত স্পর্শ হয়ে থাকলে তার তদন্ত হওয়া উচিত। সাংবাদিক পরিচয় কাউকে সেই তদন্তের বাইরে রাখে না। আবার অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট সাংবাদিকের সম্মানহানির প্রশ্নও এড়ানো চলে না। সাংবাদিককে আঘাত করা বা তার কাজে অন্যায় বাধা দেওয়ার অভিযোগও তদন্তের বিষয়।
পূর্ণাঙ্গ ভিডিও, সিসিটিভি থাকলে তার ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, এসব মিলিয়ে দেখা দরকার। কয়েক সেকেন্ডের ক্লিপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার শেষ করা যায়; সত্যের কাছে পৌঁছানো সব সময় যায় না।
খামচির খবর, শিরোনামের দাগ
ঘটনার পরে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের শিরোনাম ছিল: ‘পরীমনির খামচির পর অসুস্থ বোধ, ভ্যাকসিন নিলেন সাংবাদিক’।
অভিযোগকারী বলেছেন, পরীমনির খামচি খাওয়ার পর থেকেই নাকি তিনি অসুস্থ বোধ করছিলেন। পরে মায়ের পরামর্শে ভ্যাকসিন নেন।
এ খবরটি সত্যিই বিস্ময়কর লেগেছে, অন্তত আমার কাছে। মানে এটাও ঠিক, পরীমনির খামচিও একটি ভাইরাল ব্যাপার আর কি!
আদালতে সহকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের প্রতিবাদে গাইবান্ধার সাংবাদিকরা পরীমনির ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। ক্ষমা না চাওয়া পর্যন্ত তাকে নিয়ে সংবাদ প্রকাশ না করার ঘোষণাও এসেছে।
চট্টগ্রামে সাংবাদিকদের একাংশের আপত্তির পর একটি পুরস্কার অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার খবরও আছে।
এই খবরগুলো রীতিমতো বিস্ময়কর লাগে এ কারণে যে, বিনোদন সাংবাদিকদের কেন্দ্রীয় সংস্থাগুলো বরং অনেক বেশি সংবেদনশীল ও দায়িত্বশীল হয়ে আদালতের ঘটনাটির তদন্ত চেয়েছে।
ঢাকায় একাধিক সাংবাদিক সংগঠন পরীমনির পাল্টা অভিযোগ যাচাইয়ের কথাও বলেছে। দ্বিতীয় অবস্থানটি পেশার জন্য জরুরি। সহকর্মীর পাশে থাকা মানেই তদন্তের ফল আগাম লিখে ফেলা নয়।
কিন্তু বয়কটের ঘোষণায় একটি সমস্যা আছে। সংবাদ কি এমন জিনিস, যা ছেপে কাউকে পুরস্কৃত আর আটকে রেখে শাস্তি দেওয়া যায়?
পরীমনির প্রচারমূলক অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত সংবাদমাধ্যম নিতেই পারে। কিন্তু তার বিষয়ে কোনো সংবাদই হবে না, এমন সিদ্ধান্তের মালিক কি কেবল সাংবাদিক? পাঠকের জানার অধিকার কোথায় থাকবে?
আগামীকাল তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে খবর হবে না? তিনি অন্যায়ের শিকার হলেও হবে না? ক্ষমা চাওয়ার আগে পর্যন্ত বাস্তবতা কি প্রকাশের অনুমতি পাবে না?
পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে পাঠকের তথ্য পাওয়ার পথ বন্ধ হয়ে গেলে প্রতিবাদের পদ্ধতিটি নতুন করে ভাবা দরকার।
ভুয়া স্লোগান, আসল আঙুল
গুলশানের আয়োজনটি ছিল একটি ওয়েডিং কার্নিভাল। আয়োজক হিসেবে আজওয়াহ ইভেন্টসের নাম রয়েছে; উৎসবের সঙ্গে প্যারাগন ক্যাটারিংয়ের নামও যুক্ত। বিয়ের উৎসবে সৌজন্যের আয়োজন থাকার কথা। সংবাদে দেখা যাচ্ছে, সৌজন্যই শেষ পর্যন্ত সবচেয়ে কম টিকেছে।
‘ভুয়া’ স্লোগান উঠেছে। পরীমনি মধ্যমা দেখিয়েছেন। তবে স্লোগানদাতাদের পরিচয় নিয়ে প্রতিবেদনে অমিল আছে; কোথাও সাংবাদিক, কোথাও দর্শক বলা হচ্ছে। তাই সবাইকে এক পরিচয়ে ফেলা ঠিক হবে না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, যেখান থেকে সেই ‘ভুয়া’ স্লোগানটি উঠেছে, সেখানে মোজো সাংবাদিকরাই ছিলেন।
কিন্তু সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকেরা যদি ‘ভুয়া’ বলে থাকেন, প্রশ্নটি তাদের কাছেও যাবে: ‘ভুয়া’ স্লোগান কি একজন দায়িত্বরত সাংবাদিক দিতে পারেন? তিনি কি অ্যাক্টিভিস্ট?
একজন দর্শক বিরক্তি প্রকাশ করতে পারেন। দায়িত্ব পালনরত সাংবাদিকের কাছ থেকে আমরা আরেকটু বেশি আশা করি। তিনি প্রশ্ন করবেন, প্রমাণ চাইবেন, বক্তব্য নেবেন। তিনি নিজেই বিদ্রূপের দলে যোগ দিলে পরের খবরে তার ভূমিকা কী হবে, প্রতিবেদকের, না ঘটনার অংশগ্রহণকারীর?
পরীমনির অশালীন ইঙ্গিতের সমালোচনা করা যায়। করা উচিতও। কিন্তু তাকে ঘিরে সব আচরণকে স্বাভাবিক ধরে শুধু তার প্রতিক্রিয়ার বিচার করলে সেটি পূর্ণাঙ্গ বিচার হয় না।
‘ওরা ভুয়া বলেছে, তাই পরীমনি আঙুল দেখাতেই পারেন’, এই বাক্যে ক্ষোভের যুক্তি আছে, আচরণের ছাড়পত্র নেই। একজনের অসৌজন্য আরেকজনের অসৌজন্যকে শোভন করে না। তবে দুই পক্ষের হিসাব নিতে গিয়ে একটি পক্ষের খাতা বন্ধ রাখা যাবে না।
পরীমনি ফেসবুক লাইভে গাড়ি ভাঙচুরের দাবি করলেও সেটি হয়নি। তবে পরীমনির গাড়িটি যেখানে ছিল, সেখানে সাংবাদিকদের ভিড় ছিল। এক পর্যায়ে তিনি তার সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করছিলেন। হয়তো তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন একজন ‘মা’ হিসেবেই।
আয়নার ওপারে আমরাই
পরীমনির সবচেয়ে বড় সাফল্য হয়তো এই যে তাকে উপেক্ষা করার ঘোষণাটিও তাকে নিয়ে একটি খবর হয়ে যায়। বয়কটের সংবাদেও তিনি আছেন। সমালোচনার ভিডিওতেও তিনি আছেন। তাকে নিয়ে আর কথা না বলার কথাটিও আমরা তাকে নিয়েই বলি।
এই বৃত্তের একমাত্র নির্মাতা পরীমনি নন। তিনি পোস্ট দেন, সংবাদমাধ্যম খবর করে, পাঠক প্রতিক্রিয়া দেন, সেই প্রতিক্রিয়া আবার খবর হয়। তারপর আমরা সবাই মিলে অবাক হই, এই নারী এত আলোচনায় কেন!
তাকে সম্মান দিতে তার প্রতিটি আচরণ সমর্থন করতে হবে না। তার ভুলের সমালোচনা করেও তার কণ্ঠস্বর, কাজের অধিকার, নিরাপত্তা ও মর্যাদার পক্ষে থাকা যায়। একইভাবে সাংবাদিকের নিরাপত্তা চেয়েও সাংবাদিকের অসংগত আচরণ নিয়ে প্রশ্ন করা যায়।
পরীমনির সিনেমার দর্শক কত, তার নির্ভরযোগ্য হিসাব আমরা হাতে পাই না। কিন্তু তার ব্যক্তিগত জীবনের দর্শক যে কম নয়, তা আমাদের নিজেদের আগ্রহেই বোঝা যায়। এই ব্যবধান কেবল তার অভিনয়জীবনের প্রশ্ন নয়, আমাদের সাংস্কৃতিক আগ্রহেরও প্রশ্ন।
শেষ পর্যন্ত নায়িকা পরীমনি গ্ল্যামার কিংবা হিটের হিসাবের জোরে নন, আবেদনময়ী নারীর তকমাতেও নন; জীবনকে দেখে নেওয়ার সাহসটাই তার পুঁজি। সেটা উদ্ধত হতে পারে। আঙুল দেখানোর জন্য প্রশংসা করছি না, বরং সমালোচনা রেখেই বলছি, মেয়েটি কঠিন। আমাদের সমাজ নারীর এই কাঠিন্য নিতে অভ্যস্ত নয়।
পরীমনি নায়িকা নিজের জীবন দিয়ে। যে জীবনে ঝড় আছে, মামলা আছে, মাতৃত্ব আছে, শোক আছে, লড়াই আছে। আর তার আছে এক অদ্ভুত মায়াময় মন, যেটি নিজের যেকোনো সাফল্য উদযাপনে তাকে নিয়ে যায় এতিম শিশুদের কাছে!
সেই জীবনের জোরেই যেকোনো বড় ঘটনার মোড় তিনি ঘুরিয়ে দিতে পারেন, শুধু মধ্যমা দেখিয়েই!
ট্রেন্ডিং
মধ্যরাতে মধ্যমা: আলোচনায় থাকছেনই পরীমনি