এক মুহূর্তে যেভাবে অচল হলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার গোপন নেটওয়ার্ক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর অভ্যন্তরীণ নেটওয়ার্কে সফটওয়্যার প্যাচিংয়ের পর সমস্যা দেখা দিয়েছে। ২০২৪ সালের ক্রাউডস্ট্রাইক বিপর্যয় থেকে শুরু করে ২০২৬ সালের বিভিন্ন প্রযুক্তিগত সংকট, কীভাবে একটি আপডেট বা ছোট পরিবর্তন বড় বিপর্যয় তৈরি করতে পারে, তা জানুন।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

কম্পিউটার বা স্মার্টফোনে নতুন সফটওয়্যার আপডেট এলে সেটি ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়। কারণ, আপডেটের মাধ্যমে পুরোনো ত্রুটি ঠিক করা, নিরাপত্তার দুর্বলতা দূর করার পাশাপাশি যুক্ত করা হয় নতুন সুবিধা। অর্থাৎ একটি আপডেটের মূল উদ্দেশ্য প্রযুক্তিব্যবস্থাকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলা।

কিন্তু কখনো কখনো নিরাপত্তা নিশ্চিত করার এই ব্যবস্থাই উল্টো বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। একটি ভুল আপডেট অচল করে দিতে পারে লাখ লাখ কম্পিউটার, ব্যাহত করতে পারে বিমান চলাচল বা গুরুত্বপূর্ণ আর্থিক সেবা।

এর সাম্প্রতিক উদাহরণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর (এনএসএ) অভ্যন্তরীণ নেটওয়ার্কে দেখা দেওয়া সাময়িক সমস্যা। ১৭ই নভেম্বর সংস্থাটি জানায়, নির্ধারিত রক্ষণাবেক্ষণের সময় তাদের কিছু অভ্যন্তরীণ ব্যবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা কার্যক্রম সচল ছিল।

এনএসএ ঠিক কী ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি। তবে সিবিএস নিউজের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, নিয়মিত সিস্টেম প্যাচিংয়ের পর সমস্যাটি দেখা দেয়। প্যাচিং হলো সফটওয়্যারের নিরাপত্তার দুর্বলতা বা ত্রুটি সংশোধনের জন্য নতুন আপডেট যুক্ত করার প্রক্রিয়া।

সিএনএনকে দেয়া এক বিবৃতিতে এনএসএ জানায়, নির্ধারিত নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় তাদের কিছু অভ্যন্তরীণ ব্যবস্থায় সাময়িক সমস্যা দেখা দেয়। তবে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো সচল ছিল। দেশের নিরাপত্তা রক্ষার সক্ষমতাও এতে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন জানান, গত মাসে শনাক্ত হওয়া কয়েকটি গুরুতর সফটওয়্যার দুর্বলতা ঠিক করতে প্যাচ বা নিরাপত্তা আপডেট প্রয়োগ করা হচ্ছিল। আর সেই প্রক্রিয়ায় কিছু সিস্টেম পুনরায় চালু হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। 

সমস্যাগুলোর সঙ্গে পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা দুর্বলতার সম্পর্ক আছে বলে জানান তিনি। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটেই এ ভাষা ব্যবহার করা হয়। এসব দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা ওয়েবসাইটে প্রবেশ করতে এবং পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে।

তবে ক্লেটন জানান, এনএসএর নেটওয়ার্কসহ সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলোর পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ নেই।

এদিকে এনএসএর নেটওয়ার্কে সমস্যা হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠানোর ক্ষেত্রে বড় কোনো বাধা তৈরি হওয়ার কথা না বলে জানান বর্তমান ও সাবেক দুই মার্কিন কর্মকর্তা। তাদের ভাষ্য, প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদ যোগাযোগ বজায় রাখতে সরকারের একাধিক বিকল্প নেটওয়ার্ক ও ব্যাকআপ ব্যবস্থা থাকে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের জন্য গড়ে ওঠা ফাইভ আইস জোটের কার্যক্রমও এই সমস্যায় প্রভাবিত হয়নি।

এর আগেও ২০০০ সালেও এনএসএর অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্কে বড় ধরনের বিপর্যয় ঘটেছিল। সে সময় প্রায় তিন দিন সংস্থাটির কম্পিউটার ব্যবস্থা অচল ছিল। এতে মেরিল্যান্ডের ফোর্ট মিডে সদর দপ্তরে গোয়েন্দা তথ্য প্রক্রিয়াকরণের কাজ ব্যাহত হয়েছিল।

ঘটনাটি আবারও সামনে এনেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আপডেট প্রযুক্তিব্যবস্থাকে সুরক্ষিত করার কথা, সেটিই কীভাবে উল্টো বিপর্যয় তৈরি করতে পারে?

কেন সফটওয়্যার আপডেট জরুরি

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সফটওয়্যারে নতুন নতুন ত্রুটি ও নিরাপত্তার দুর্বলতা ধরা পড়ে। সাইবার অপরাধীরা এসব দুর্বলতা কাজে লাগিয়ে ব্যক্তিগত তথ্য চুরি, প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অনুপ্রবেশ অথবা গুরুত্বপূর্ণ সেবা বন্ধ করে দিতে পারে।

এ ধরনের ঝুঁকি কমাতে সফটওয়্যার নির্মাতারা নিয়মিত আপডেট প্রকাশ করে। এতে নিরাপত্তার ত্রুটি সংশোধনের পাশাপাশি সফটওয়্যারের কার্যক্ষমতাও উন্নত করা হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি) বলছে, প্রতিষ্ঠানের প্রযুক্তিগত নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত প্যাচ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু আপডেট ইনস্টল করলেই হয় না। ইনস্টল করার আগে সেটি পরীক্ষা করা এবং পরে ঠিকভাবে কাজ করছে কি না, তা নিশ্চিত করাও জরুরি।

কারণ, একটি আপডেটে থাকা ছোট কোনো ত্রুটি পুরো প্রযুক্তিব্যবস্থাকে অচল করে দিতে পারে। এর বড় উদাহরণ দেখা গিয়েছিল ২০২৪ সালের জুলাইয়ে।

একটি আপডেটেই অচল ৮৫ লাখ কম্পিউটার

২০২৪ সালের ১৯এ জুলাই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়ে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকের একটি ত্রুটিপূর্ণ আপডেটের কারণে মাইক্রোসফট উইন্ডোজ পরিচালিত অসংখ্য কম্পিউটার অচল হয়ে যায়। অনেক কম্পিউটারে নীল পর্দা দেখা দেয়, যা প্রযুক্তির ভাষায় ব্লু স্ক্রিন অব ডেথ নামে পরিচিত।

এর প্রভাব পড়ে বিমান চলাচল, হাসপাতাল, ব্যাংক ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতে। অনেক বিমান সংস্থাকে ফ্লাইট বাতিল বা বিলম্ব করতে হয়। হাসপাতালের কিছু কার্যক্রমও ব্যাহত হয়।

একটি আপডেটেই অচল হয়েছিল ৮৫ লাখ কম্পিউটার

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, ক্রাউডস্ট্রাইকের ওই আপডেটের কারণে বিশ্বজুড়ে প্রায় ৮৫ লাখ উইন্ডোজ ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছিল। সংখ্যাটি মোট উইন্ডোজ ডিভাইসের এক শতাংশেরও কম হলেও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে এসব ডিভাইস ব্যবহৃত হওয়ায় এর প্রভাব ছিল ব্যাপক।

তবে এটি কোনো সাইবার হামলা ছিল না। বরং সফটওয়্যারের একটি ত্রুটিপূর্ণ আপডেট থেকেই তৈরি হয়েছিল এই বিপর্যয়। অর্থাৎ, বাইরের কোনো আক্রমণ ছাড়াই একটি প্রযুক্তিগত পরিবর্তন বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত করতে পারে।

রাউটারের ত্রুটিতে থমকে গিয়েছিল যুক্তরাষ্ট্রের বিমান চলাচল

প্রযুক্তিগত বিপর্যয়ের জন্য সব সময় সফটওয়্যারের ত্রুটি দায়ী নয়। কখনো একটি যন্ত্রাংশের সমস্যা কিংবা অবকাঠামোয় ছোট কোনো পরিবর্তনও বড় ধরনের বিপর্যয় তৈরি করতে পারে।

এর উদাহরণ যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায় ২০২৬ সালের ১৩ নভেম্বরের ঘটনা। যোগাযোগব্যবস্থায় সমস্যার কারণে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন প্রায় পাঁচ ঘণ্টার জন্য দেশজুড়ে প্রায় সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একটি দূরবর্তী স্থাপনায় নতুন রাউটার বসানোর পর বিমান নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় সমস্যা তৈরি হয়। সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিসের স্থাপন করা রাউটারের কারণে অতিরিক্ত ডেটার চাপ তৈরি হয়েছিল বলে কর্মকর্তারা জানান। এতে দেশটির ২২টি বিমান নিয়ন্ত্রণকেন্দ্রের মধ্যে ১৭টিতে যোগাযোগে বিঘ্ন ঘটে।

ছোট একটি রাউটারের সমস্যায় থমকে গিয়েছিল যুক্তরাষ্ট্রের বিমান চলাচল

শুক্রবার প্রায় ৯ হাজার ২০০টি ফ্লাইট বাতিল এবং ৭ হাজার ৫০০টি বিলম্বিত হয়। পরদিনও ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়।

এই ঘটনা সরাসরি সফটওয়্যার আপডেটজনিত না হলেও এটি দেখিয়েছে, প্রযুক্তিগত অবকাঠামোয় সামান্য পরিবর্তনও কত বড় প্রভাব ফেলতে পারে।

একই সময়ে একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানে সমস্যা

নভেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে একের পর এক সেবা বিঘ্নের ঘটনা ঘটে।

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের আউটলুক, টিমস ও কোপাইলট সেবায় সাময়িক সমস্যা দেখা দেয়। জেপিমরগান চেজের গ্রাহকেরাও ব্যাংকিং সেবা ব্যবহারে সমস্যায় পড়েন। প্রতিষ্ঠানটি জানায়, অন-প্রিমাইস হার্ডওয়্যার ব্যবস্থার একটি সফটওয়্যার বাগের কারণে এই সমস্যা তৈরি হয়েছিল।

অন্যদিকে, অ্যাপল জানায়, তাদের অভ্যন্তরীণ একটি আপডেটের কারণে অ্যাপল পে ও আইক্লাউডসহ কয়েকটি সেবায় বিঘ্ন ঘটেছিল। ইউনাইটেড এয়ারলাইনসের প্রযুক্তিগত সমস্যায়ও ফ্লাইট বিলম্বিত হয়।

তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র বা সমন্বিত সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি। প্রতিটি ঘটনার কারণ ছিল আলাদা।

এ ধরনের বিপর্যয় কি এড়ানো সম্ভব

প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের জন্য নিয়মিত সফটওয়্যার আপডেট জরুরি। কিন্তু আপডেট দেওয়ার পদ্ধতিতে সতর্কতা না থাকলে সেটিই বড় ঝুঁকি তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সব কম্পিউটারে একসঙ্গে নতুন আপডেট ইনস্টল করা ঝুঁকিপূর্ণ। এর পরিবর্তে প্রথমে সীমিতসংখ্যক কম্পিউটারে আপডেট পরীক্ষা করা যেতে পারে। সেখানে কোনো সমস্যা দেখা দিলে পুরো প্রতিষ্ঠানে সেটি ছড়িয়ে পড়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব।

এ ছাড়া আপডেট দেওয়ার আগে গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখা, প্রয়োজনে আগের সফটওয়্যার সংস্করণে ফিরে যাওয়ার ব্যবস্থা রাখা এবং বিকল্প প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করাও জরুরি।

সাধারণ ব্যবহারকারীদের ক্ষেত্রেও কিছু সতর্কতা প্রয়োজন। অপরিচিত ওয়েবসাইট থেকে আপডেট ডাউনলোড না করে সফটওয়্যারের অফিসিয়াল উৎস ব্যবহার করা উচিত। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ রাখলে প্রযুক্তিগত সমস্যার কারণে তথ্য হারানোর ঝুঁকি কমানো সম্ভব।

প্রযুক্তির ওপর নির্ভরতা যত বাড়ছে, একটি ছোট ত্রুটির প্রভাবও তত বড় হয়ে উঠছে। তাই সফটওয়্যার আপডেট বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। বরং আপডেট দেওয়ার আগে যথাযথ পরীক্ষা, ইনস্টল করার পর নিয়মিত পর্যবেক্ষণ এবং জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার বিকল্প ব্যবস্থা নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ। কারণ, নিরাপত্তা বাড়ানোর জন্য নেওয়া একটি পদক্ষেপ যেন নতুন বিপদের কারণ না হয়ে ওঠে, সেটি নিশ্চিত করার দায়িত্বও প্রযুক্তি ব্যবস্থাপনারই।