স্থানীয় সরকার নির্বাচন

ইসির সাথে সংলাপ: জামায়াতের অবস্থানকে নাকচ করল এনসিপি

আসিফ মাহমুদ আলাপ-কে বলেন, “যে ক্লাস্টারে এনসিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে, দলটি সেখানেই স্বতন্ত্রভাবে আলোচনায় অংশ নেবে।”

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ইসির সাথে সংলাপে জামায়াতে ইসলামীর অবস্থানকে কার্যত প্রত্যাখ্যান করলো সংসদ নির্বাচনের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি।

জামায়াতে ইসলামী ১১ দলের জোটবদ্ধ সংলাপ চাইলেও, এনসিপি জানিয়েছে তারা দল হিসাবেই সংলাপে অংশ নেবে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ২৯এ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এই তিন দিনে তিন ভাগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

যদিও সংলাপের ধরন ও জোটগত অংশগ্রহণ নিয়ে ভিন্ন অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সংলাপে ১১ দলীয় ঐক্যজোট হিসাবে অংশ নিতে চায় জামায়াতে ইসলামী। ২৭এ নভেম্বর শুক্রবার বিকালে বৈঠক শেষে জোটের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, "জামায়াতের অবস্থান ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে এবং ১১ দলীয় ঐক্যের অংশ হিসাবে সব দলকে একসঙ্গে সংলাপে বসার বিষয়টি ইসির সিনিয়র সচিবকে জানানো হয়েছে।"

বিষয়টি আনুষ্ঠানিকভাবেও কমিশনকে জানিয়ে ১১ দলের জন্য আলাদা একটি সময় বরাদ্দ চেয়ে আবেদন করা হবে বলে জানান তিনি।

তবে জোটগত আলোচনার এই অবস্থান নাকচ করে দিয়ে নিজেদের মতো করে সংলাপে অংশ নেওয়ার কথা জানিয়েছে এনসিপি।

দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া আলাপকে জানান, নির্বাচন কমিশন এখানে এককভাবে দল হিসেবে কাউকে না ডেকে তিনটি ক্লাস্টারে আমন্ত্রণ জানিয়েছে এবং তিন দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বসবে।

আসিফ মাহমুদ আলাপ-কে বলেন, "যে ক্লাস্টারে এনসিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে, দলটি সেখানেই স্বতন্ত্রভাবে আলোচনায় অংশ নেবে।"

তিনি স্পষ্ট করেন যে, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে না। তাই ইসি বা যেকোনো প্রতিষ্ঠানের সাথে সংলাপের ক্ষেত্রে এনসিপি এককভাবেই অংশ নেবে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তিন দিনব্যাপী এই ধারাবাহিক সংলাপে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংলাপে ২৯এ নভেম্বর ১৯টি রাজনৈতিক দল, ৩০এ নভেম্বর ১৮টি রাজনৈতিক দল ও শেষ দিন পহেলা ডিসেম্বর ১৮টি রাজনৈতিক দল অংশ নেওয়ার কথা আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ হয়েছিল, তাদের পাশাপাশি পরবর্তী সময়ে নিবন্ধন পাওয়া চারটি দলকেও আলোচনায় যুক্ত করা হতে পারে।