রাজধানীর ধানমন্ডিতে আনাম র্যাংকস প্লাজায় পূরবী জুয়েলার্স থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজন সিকিউরিটি গার্ড এবং একজন সিকিউরিটি কোম্পানির কর্মী।
২৭এ নভেম্বর শুক্রবার রাত ২টায় ধানমন্ডির ৬ নাম্বার রোডে আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সের শোরুমে দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডদের একটি দল প্রতিদিনের মতো ওই মার্কেটে দায়িত্বে ছিলেন। জুয়েলার্সের নিজস্ব প্রহরীও দায়িত্বে ছিলেন। ওই সময় তারই পরিচিত কেউ তাদের মোরগ পোলাও খেতে দেন। এরপর সেই খাবার খেয়ে অচেতন হয়ে যান তারা। আর সেখান থেকে চুরি করে নেওয়া হয় প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সেখানে অপরিচিত লোকজনও অবস্থান করছিলেন। চুরির সময় তিন থেকে পাঁচজনকে ফুটেজে দেখা যায়। চুরির সময় একপর্যায়ে তারা সিসিটিভির তার কেটে দেন।
জুয়েলার্সের মালিক জানিয়েছেন, প্রায় দুই হাজার ভরি গহনা চুরি হয়ে গেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। শপিংমলের দুইজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। চুরির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আরও চার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জুয়েলার্স কর্তৃপক্ষের অভিযোগ, চুরির আগে দোকানের কয়েকজন নিরাপত্তাকর্মীকে ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করে’ লুটে নেওয়া হয় এসব স্বর্ণালংকার। দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে।
পূরবী জুয়েলার্সের কর্মকর্তা সঞ্জীব শীল বলেন, “ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাদের একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন মার্কেটের। দোকানের অন্য নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে’ অচেতন করা হয়ে থাকতে পারে।”
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে কয়েকজনকে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত লোকের উপস্থিতি ছিল। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেছেন বলে দৃশ্যমান হয়েছে।
রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলামসহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা বিষয়টি আলাপ-কে নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তারা বলেন, এটি অবশ্যই একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে অভিযুক্তদের গ্রেফতারের আওতায় আনা হবে।
এদিকে ঘটনাস্থল থেকে থানা পুলিশের পাশাপাশি আলামত সংগ্রহ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রাথমিকভাবে তারা অপরাধের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন।
এদিকে ঘটনাস্থল থেকে থানা পুলিশের পাশাপাশি আলামত সংগ্রহ করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রাথমিকভাবে তারা অপরাধের ফুপপ্রিন্ট পেয়েছেন।
এদিকে ২৮এ নভেম্বর শনিবার ধানমণ্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, “ধানমন্ডির আনাম র্যাংকস প্লাজায় সোনা চুরির ঘটনায় মামলা হয়েছে। এপযর্ন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
গ্রেফতার হওয়াদের মধ্যে তিনজন সিকিউরিটি গার্ড এবং একজন সিকিউরিটি কোম্পানির বলে জানান ওসি।



