তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টিতে মেয়র, কাউন্সিলরসহ স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে ২৮এ নভেম্বর শনিবার ভোটগ্রহণ চলছে।স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার কথা। সাধারণত একই দিন ভোট গণনা ও ফল ঘোষণা করা হয়। নির্বাচিত জনপ্রতিনিধিরা চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
ফ্রান্স টোয়েন্টিফোর বলছে, প্রেসিডেন্ট নির্বাচনের মতো চীনের সঙ্গে সম্পর্ক এবং দ্বীপটির ওপর বেইজিংয়ের চাপ এবারের ভোটের প্রধান ইস্যু নয়। বরং সামাজিক নিরাপত্তা এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট নাগরিক সমস্যা নির্বাচনে বেশি গুরুত্ব পাচ্ছে।
তবে নির্বাচনি আলোচনা থেকে চীন পুরোপুরি বাদ পড়েনি। তাইওয়ানের কর্তৃপক্ষ অভিযোগ করেছে, নির্বাচনি ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করছে বেইজিং। যদিও চীনা কর্তৃপক্ষ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে ফ্রান্স টোয়েন্টিফোর।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শুক্রবার থেকে শনিবারের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) যুদ্ধবিমানের প্রায় ৩৩টি উড্ডয়ন শনাক্ত করা হয়েছে। এসব বিমানের মধ্যে বোমারু ও যুদ্ধবিমানও ছিল। বিমানগুলো তাইওয়ানের দিকে উড়ে যায়।
শনিবারের নির্বাচনে মূলত ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) এবং ন্যাশনালিস্ট পার্টি বা কুওমিনতাং (কেএমটি) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাইওয়ান একটি স্বশাসিত গণতান্ত্রিক ভূখণ্ড। তবে বেইজিং দ্বীপটিকে নিজেদের অংশ বলে দাবি করে। নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য সম্পর্কে জনগণকে সতর্ক করেছে তাইওয়ান সরকার। চীনের ধারাবাহিক অপতথ্য প্রচারের প্রচেষ্টার কথা উল্লেখ করে এ সতর্কতা দেওয়া হয়।



