"মঙ্গলবারে একাধিক বোমা হামলা হবে, তা কেউ থামাতে পারবে না”। এমন ভাষাতে ইমেইলে ঢাকার বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি বিবেচনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
ব্র্যাক ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফাতিয়াস ফাহমিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রবিববার ইমেইলে তারা এই বোমা হামলার হুমকি পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয় এবং নিরাপত্তা নিশ্চিতে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমিন জানান, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। তিনি বলেন, "ওই ইমেইলে ব্যাপক বোম্বিং (বোমা হামলা) করার কথা বলা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি এবং এ নিয়ে কাজ করছি।"
পুলিশ সূত্রে জানা যায়, `TypicalChineseman' নামের একটি ইমেইল আইডি থেকে হুমকি দিয়ে বার্তাটি পাঠানো হয়। ডিএমপির সাইবার সিকিউরিটি ইউনিট ওই ইমেইল আইডির উৎস এবং প্রেরককে শনাক্ত করতে কাজ শুরু করেছে।
এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে।
তিনি বলেন, "প্রাথমিকভাবে জানতে পেরেছি, একটি ছেলে সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে সে যুক্তরাষ্ট্রে চলে যায়। আমরা ধারণা করছি, বোমা হামলার হুমকির এই ইমেইলটি তারই পাঠানো।"
তিনি আরও বলেন, "প্রাথমিক তদন্তে এটি খুব বেশি সিরিয়াস কিছু নয় বলেই মনে হচ্ছে। তারপরও যেহেতু একটি সুনির্দিষ্ট অভিযোগ এসেছে, তাই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করে দেখছি।"



