রংপুরে চার খুন: বারবার বদলাচ্ছে পুলিশের ভাষ্য, জনমনে বাড়ছে সন্দেহ

চারজনের মৃত্যু। কিন্তু হত্যাকাণ্ডের কারণ নিয়ে পুলিশের বয়ান এক নয়। শুরুতে ডাকাতির সন্দেহ, সাত ঘণ্টা পর ইয়াবা সেবনে বাধা দেওয়ার অভিযোগ, কয়েকদিন পর যুক্ত হলো জমিজমা ও শ্রেণিবিভেদের প্রসঙ্গ। বদলেছে হত্যার স্থান ও সময়ের বর্ণনাও। নিহতদের স্বজনদের সন্দেহ, আসামিপক্ষের পালটা অভিযোগ, ফরেনসিক প্রতিবেদনের তথ্য এবং নাগরিক কমিটির ১৯ প্রশ্ন—সব মিলিয়ে রংপুরের গণপতি পরিবার হত্যাকাণ্ডে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা। তাহলে আসলে কী ঘটেছিল সেই রাতে? আর কোন বয়ানটি সত্য?

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম

চারটি মৃত্যু ঘিরে একাধিক গল্প। কোনটি যে সত্য, আর কোনটি যে তদন্তের ফাঁকে তৈরি হওয়া নতুন বয়ান- তা এখনো স্পষ্ট নয়।

রংপুরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তান হত্যাকাণ্ডে যতই সময় গড়াচ্ছে, রহস্য যেন ততই ঘনীভূত হচ্ছে।

শুরুতে বলা হয়েছিলো, এটি ডাকাতির ঘটনা। কিন্তু মাত্র সাত ঘণ্টার ব্যবধানে সেই বয়ান বদলে যায়।

পুলিশ দাবি করে, মাদকসেবনে বাধা দেওয়ায় গণপতি ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরপর সেই ভাষ্যও বদলে যায়। হত্যার স্থান, সময় ও ঘটনার কারণ নিয়ে আসে নতুন তথ্য।

কিন্তু পুলিশের বক্তব্যের সঙ্গে মিলছে না নিহতদের স্বজনদের কথা। আসামিদের স্বজনদের দাবিও ভিন্ন।

ঘটনাস্থলের পারিপার্শ্বিকতা, পুলিশ ও ফরেনসিক কর্মকর্তাদের বক্তব্যেও রয়েছে একাধিক অসংগতি।

ফলে প্রশ্ন উঠছে, চারজনকে হত্যার প্রকৃত কারণ কী? তদন্তে কি ধীরে ধীরে সত্য উন্মোচিত হচ্ছে, নাকি বদলে যাচ্ছে তদন্তের গল্প?

২২এ অগাস্ট রাতে রংপুর শহরের কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়ার বাড়ি থেকে উদ্ধার করা হয় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তীর মরদেহ।

একই পরিবারের চারজনের হত্যাকাণ্ডের তদন্ত হয়ে উঠেছে বয়ানের বিশ্বাসযোগ্যতা, তদন্তের স্বচ্ছতা এবং প্রকৃত সত্য উদঘাটনের ক্ষেত্রে বড় প্রশ্ন। মানবাধিকার সংগঠনগুলোও এখন প্রশ্ন করছে, সেই রাতে আসলে কী ঘটেছিল গণপতি পরিবারের সঙ্গে?

হত্যাকাণ্ডের কারণ: বারবার ভাষ্য বদল

২৩এ অগাস্ট সকালে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী আলাপ-কে বলেন, “সম্ভবত ডাকাতির ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।”

“তবে ডাকাতির ঘটনা নাকি অন্য কোনো কারণ আছে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা বের করতে আলামত সংগ্রহ ও তদন্ত অব্যাহত রয়েছে”, বলেছিলেন এই কর্মকর্তা।

রংপুর সিআইডির এসপি (ভারপ্রাপ্ত) সুমিত চৌধুরী সেসময় জানান, মরদেহগুলোতে পচন ধরেছে। তিন-চার দিন আগে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওই বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো এবং আসবাবপত্রের ড্রয়ার ছিলো ভাঙা।

এ কারণে প্রাথমিকভাবে ডাকাতির ঘটনা বলে ধারণা করা হলেও তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে সেসময় জানান সুমিত চৌধুরী।

ওইদিন সকালে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, “সংঘবদ্ধ ডাকাত দল এ ঘটনা সংঘটিত করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”

একইদিন দুপুরে পুলিশের সকালের দেওয়া বক্তব্য পালটে যায়। ডাকাতি বা অন্য কোনো কারণ নয়, মাদকসেবীদের হাতে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তান খুন হয়েছেন বলে দাবি করে বসে পুলিশ।

রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ প্রেস ব্রিফিংয়ে বলেন, “বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।”

তবে পুলিশের প্রেস ব্রিফিংয়ের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়। দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করে ফেইসবুকে পোস্ট দিয়েছেন। অনেকেই একে ‘হাস্যকর’ ‘বিভ্রান্তিকর’ ‘ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা’ বলে মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে অনেকে আবার ‘জঙ্গি সংশ্লিষ্টতা’ ‘সংখ্যালঘু নির্যাতনের’ অভিযোগ তোলেন।

কয়েকদিন পর ২৭এ অগাস্ট রংপুরে চার খুনের মামলার সবশেষ অগ্রগতি ও বিভিন্ন দিক নিয়ে সংবাদ সম্মেলন করেন তখনকার মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ।

হত্যার কারণ নিয়ে ভিন্ন তথ্য দিয়ে তিনি বলেন, ইয়াবা সেবনে বাধার পাশাপাশি গণপতি চক্রবর্তীর পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে সিদ্ধার্থর অসন্তোষও থাকতে পারে।

সিদ্ধার্থ দাসের আদালতে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে আব্দুল মাবুদ বলেন, গণপতি চক্রবর্তীরা সিদ্ধার্থর পূর্বপুরুষের জমি কিনেছিলেন।

তিনি আরো বলেন, জমি তুলনামূলক বেশি দামে কেনা হলেও সিদ্ধার্থের পরিবারের শরিকেরা তাদের প্রাপ্য টাকা পাননি—এমন একটি বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ নিয়ে সিদ্ধার্থের মনে ক্ষোভ থাকতে পারে।

গণপতি চক্রবর্তীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শ্রেণিবিভেদের বিষয়টিও তদন্তে দেখা হচ্ছে বলে জানান আব্দুল মাবুদ। তিনি বলেন, মাছুয়াপাড়ার অধিকাংশ বাসিন্দা দাস বংশের এবং গণপতি চক্রবর্তীর পরিবার ব্রাহ্মণ সম্প্রদায়ের। তাদের মধ্যে রাস্তাঘাটে দেখাসাক্ষাৎ হলেও বাসায় যাতায়াত বা ঘনিষ্ঠ মেলামেশা ছিলো না। এটিও দুই তরুণের মনে কোনো ক্ষোভের কারণ ছিলো কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আব্দুল মাবুদ মিয়ার বক্তব্যে এমন আরো অনেক ভিন্নতা পাওয়া যায়। ২৩এ অগাস্ট সংবাদ সম্মেলনে তিনি গ্রেপ্তার দুই তরুণের বক্তব্যের বরাত দিয়ে বলেছিলেন, গণপতি চক্রবর্তীকে ভোরে বাসার ছাদে, তার স্ত্রী ও মেয়েকে তিনতলার সিঁড়িতে এবং ছেলেকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছে।

২৭এ অগাস্ট সংবাদ সম্মেলনে আব্দুল মাবুদ বলেন, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও মেয়েকে বাসার তৃতীয় তলার খোলা ছাদে হত্যা করা হয়েছে। হত্যার পর মা ও মেয়ের লাশ ছাদের গেটের ভেতরে সিঁড়িতে সরিয়ে রাখা হয়, যাতে পাশের বাড়ির ছাদ থেকে দেখা না যায়। ১২ বছর বয়সি ছেলে প্রীয়ম চক্রবর্তী ঘুম থেকে উঠে আসামি সিদ্ধার্থ দাসকে দেখে ফেললে তাকেও হত্যা করা হয়।

শুরুতে বলা হয়েছিলো, এটি ডাকাতির ঘটনা। কিন্তু মাত্র সাত ঘণ্টার ব্যবধানে সেই বয়ান বদলে যায়।

আইন ও সালিশ কেন্দ্রের প্রাথমিক তথ্যানুসন্ধান

গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনার প্রাথমিক তথ্যানুসন্ধান করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

২৭এ অগাস্ট প্রাথমিক তথ্যানুসন্ধান পর্যবেক্ষণের তথ্য তুলে ধরে তারা জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো প্রশ্ন রয়েছে। হত্যার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতি, রাত ২টা ৪০ মিনিটের অস্বাভাবিক ফোনকল, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে অবস্থান, খাবার খাওয়া ও গোসল করা নিয়ে পুলিশের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো ফরেনসিক ও ডিজিটাল আলামত পাওয়া গেছে কিনা, তা স্পষ্ট হওয়া জরুরি।

আসকের দুই সদস্যের একটি প্রতিনিধিদল ২৪ ও ২৫এ অগাস্ট রংপুরে সরেজমিন তথ্যানুসন্ধান করে।

নতুন পুলিশ কমিশনারের ঘটনাস্থল পরিদর্শন

দায়িত্ব নিয়েই ২৮এ অগাস্ট ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর মহানগর পুলিশের নতুন কমিশনার মাহবুবুর রশিদ।

চার হত্যাকাণ্ড নিয়ে নানা প্রশ্ন ওঠার কথা স্বীকার করে তিনি বলেন, “এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। সারা দেশে এ মামলা নিয়ে নানা কথা হচ্ছে। তাই এ মুহূর্তে এ বিষয়ে কিছু বলা আগাম হয়ে যাবে। মূলত মামলাটি সম্পর্কে বিস্তারিত জানতে ঘটনাস্থলে এসেছি।”

মাহবুবুর রশিদ আরও বলেন, “মামলা-সংক্রান্ত সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। চার খুনের মামলাটি নিয়ে যেসব কথাবার্তা উঠছে, সেগুলো সবই আমলে নিয়ে তদন্ত হচ্ছে। সব তথ্য বিশ্লেষণ ও যাচাই করে সঠিকভাবে চার্জশিট প্রস্তুত করা হবে, যাতে সুবিচার নিশ্চিত করা যায়।”

পরিবারের সন্দেহ

শুরু থেকেই পুলিশের তদন্ত নিয়ে নানা প্রশ্ন তোলে গণপতি পরিবারের স্বজনরা। এ ঘটনায় ২৩এ অগাস্ট রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। মামলার পর এর আগে আটক সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর কথা জানায় পুলিশ।

হত্যার কারণ সম্পর্কে পুলিশের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতার ছোট বোন পূজা চক্রবর্তী বলেন, “কিছুই বুঝতে পারছি না। পুলিশ যে কী করছে, কী হচ্ছে। পুলিশ বলছে, ইয়াবাখোর দুজন নাকি এক এক করে চারজনকে মারছে।”

গোপীনাথ চক্রবর্তীর জামাতা বিশ্বজিৎ রায় বলেন, “পুলিশ যা বলছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়। দুইটা কম বয়সি ছেলে চারটা মানুষকে মেরে ফেলতে পারে না। আর ওই দুই ছেলের ফিজিক্যাল (শরীরের) যে অবস্থা, তাতে তারা চারজনকে মারার ক্ষমতা রাখে না। বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন আমাদের মধ্যেই আছে।”

আলামত ধুয়ে ফেলার অভিযোগ

চার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই পার্থ দাস ২৬এ অগাস্ট অভিযোগ করে বলেন, “গণপতি চক্রবর্তীর বাড়ির লাইট অফ রেখে আলামত নষ্ট করা হচ্ছে। পানি ঢেলে ধুয়ে ফেলা হচ্ছে আলামত।”

তার ভাই সিদ্ধার্থকে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এর আগে ২৩এ অগাস্ট আসামিদের সাংবাদিকদের সামনে নেওয়া হয়। এ সময় পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী ও আসামি সিদ্ধার্থের শার্ট নিয়ে বিতর্ক হয়। তাদের পরনে ছিলো একই রকমের শার্ট। সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়।

পরদিন এনিয়ে কথা বলেন, সিদ্ধার্থের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থ দাস।

বিনয় দাস বলেন, “২২এ অগাস্ট রাতে গণপতির বাড়িতে পুলিশসহ অনেক লোক জড়ো হয়। এরপর ভোররাতে পুলিশ আমার বাড়িতে এসে সিদ্ধার্থের খোঁজ করে। আমি ওকে চাচার বাড়ি থেকে ঘুম থেকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দিই। তখন তার গায়ে একটি গেঞ্জি ছিল।”

পার্থ দাস বলেন, “পুলিশ যখন সিদ্ধার্থকে সাংবাদিকদের সামনে আনলো তখন দেখেছি গায়ে শার্ট। ওই শার্ট কার? ওই ধরনের শার্ট কখনোই তাকে পরতে দেখি নাই।”

এ বিষয়ে সনাতন চক্রবর্তী বলেন, “এটি কাকতালীয়। ওই জামা রংপুরে আমিসহ আরো দুই শ জনের আছে। একই ধরনের শার্ট আরো অনেকেরই থাকতে পারে। এটিকে সামনে এনে ঘটনা ভিন্নভাবে প্রচারের চেষ্টা চলছে।”

নানা বক্তব্য দিয়ে আলোচনায় সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশের গোয়েন্দা শাখা। ২৯এ অগাস্ট বিকেলে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে রংপুর ডিবি পুলিশের একটি দল মাছুয়াপাড়া থেকে সিদ্ধার্থের বাবা ও ভাইকে গাড়িতে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। 

ডোমের ভিন্ন বক্তব্য

গণপতি পরিবারের চারজনের ময়নাতদন্তের বিষয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের এক ডোমের বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়।

ডোমকে বলতে শোনা যায়, দুই মৃত নারীর শরীরে শুক্রাণুর উপস্থিতি পাওয়া গেছে এবং তা সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করা হয়েছে বলেও দাবি করেন ডোম।

২৬এ অগাস্ট এ বিষয়ে কথা বলেন রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বাবলু কিশোর বিশ্বাস।

তিনি বলেন, “গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ পরীক্ষায় যৌন নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ল্যাবরেটরিতে পাঠানো নমুনাতেও ধর্ষণের পক্ষে কোনো প্রমাণ মেলেনি।”

ডোমের বক্তব্যের বিষয়ে বাবলু কিশোর বলেন, “ভ্যাজাইনাল সোয়াব নেওয়ার সময় তার মনে হয়ে থাকতে পারে যে, পরীক্ষায় রেজাল্ট আসতে পারে। হয়তো সে কারণেই সে এমন কথা বলেছে। তবে পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।”

নাগরিক কমিটির ১৯ প্রশ্ন

চারজনকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত ও বক্তব্য নিয়ে ১৯টি প্রশ্ন তোলে রংপুর মহানগর নাগরিক কমিটি। বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায় তারা। ২৯এ অগাস্ট সাংবাদিক সম্মেলন করে নাগরিক কমিটি।

বলা হয়, ইয়াবা সেবনে বাধা দেওয়ার কারণে একটি পরিবারের চারজনকে হত্যা করার ঘটনা কতটা স্বাভাবিক, তা খতিয়ে দেখা প্রয়োজন। চারজনকে হত্যার পর আসামিরা দীর্ঘ সময় বাড়িতে অবস্থান করে গোসল ও খাবার খেয়েছে, পুলিশের এই বর্ণনাও প্রশ্নের জন্ম দিয়েছে।

ঘটনাস্থলের সিসিটিভি ও গণপতি চক্রবর্তীর বাসার বিদ্যুৎ সংযোগের তার কে বা কারা কেটেছে, হত্যার আগে ও পরে অচেনা মোটরসাইকেলে আনাগোনা কারা করেছিলো এবং কেউ বাড়িটি পর্যবেক্ষণ করছিলো কি না - এসব বিষয় যথাযথভাবে তদন্ত করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখতে বলা হয়।

লুট হওয়া টাকা ও স্বর্ণালংকারের হিসাব নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। তাদের দাবি, পুলিশের বক্তব্যে লুট হওয়া টাকার পরিমাণ এবং আসামিদের ভাগে পাওয়া অর্থের হিসাবে অসংগতি রয়েছে। একইভাবে ইয়াবার সংখ্যার হিসাব কেন পরিবর্তিত হয়েছে, সেটিও স্পষ্ট করা প্রয়োজন।

এর পাশাপাশি হত্যাকাণ্ডের আগে নিহত পরিবারের সদস্যদের কোনো আশঙ্কা বা অভিযোগ ছিল কি না, বাড়ি নির্মাণ নিয়ে তাঁদের কাউকে হুমকি দেওয়া হয়েছিল কি না এবং এসব বিষয় তদন্তে যাচাই করা হয়েছে কি না জানতে চায় নাগরিক কমিটি।

গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে একটি বিষয়। তা হলো - প্রশ্নের চেয়ে উত্তর কম, আর বয়ানের চেয়ে অসংগতি বেশি।

পুলিশের বক্তব্যে একাধিক পরিবর্তন, হত্যার সময় ও স্থান নিয়ে ভিন্ন তথ্য, হত্যার উদ্দেশ্য নিয়ে নতুন নতুন ব্যাখ্যা, ফরেনসিক তথ্য এবং বিভিন্ন পক্ষের দাবির মধ্যে পার্থক্য - সবকিছু মিলিয়ে প্রকৃত ঘটনা উদঘাটনে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তাই সামনে এসেছে।

নতুন পুলিশ কমিশনারও স্বীকার করেছেন, মামলা নিয়ে নানা প্রশ্ন উঠেছে এবং সব তথ্য যাচাই করে চার্জশিট প্রস্তুত করা হবে।

মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের প্রশ্নও একই জায়গায়- কোনো নির্দিষ্ট বয়ানকে সত্য ধরে নেওয়ার আগে প্রতিটি আলামত, প্রত্যক্ষ ও পরোক্ষ তথ্য এবং ডিজিটাল প্রমাণের সঙ্গে তা মিলিয়ে দেখা কতটা হয়েছে?