কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো ২ হাজার ২৪৭ জনের মধ্যে এখনও ৬৯০ জন বন্দি পলাতক আছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন।

এ ছাড়া নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন পালানোর মধ্যে ১৬৬ জনের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার কারা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি।

মোতাহার হোসেন আরও বলেন, “২ হাজার ২৪৭ জন কারাবন্দি কারাগার থেকে পালালেও এর মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও ৬৯০ জন কারাবন্দি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

কারাগারে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারাগারে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, বর্তমানে ৭৫টি কারাগার রয়েছে। প্রতিটি কারাগারের খাবারের পরিমাণ ও মান একই আছে।

তবে ২১টি কারাগার সংস্কার প্রয়োজন বলে জানান তিনি।

কারাগারে মাদক ঢুকছে এবং কারারক্ষীরা এসব কাজে সহায়তা করছেন—এ বিষয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাদক ও আর্থিক দুর্নীতি নিয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মাদকসংক্রান্ত অপরাধে কেউ যদি জড়িয়ে পড়েন, তাহলে তাদের জন্য আমরা অত্যন্ত কঠোর ছিলাম।

তিনি আরও বলেন, গত দুই বছরে এসব কারণে ২১ জনকে বাধ্যতামূলক অবসর, ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। ৮৭০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে ছোটখাটো অপরাধের কারণে ৩০৩ জনকে প্রশাসনিক কারণে বিভিন্ন বিভাগের বাইরে প্রেরণ করা হয়েছে। আমাদের কোনো কারারক্ষী যদি মাদকসংক্রান্ত কোনো অপরাধে জড়িয়ে পড়েন, তাকে আমরা ফৌজদারি মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করছি।