শিশু আয়াত হত্যা মামলায় আবির আলীর মৃত্যুদণ্ডের আদেশ

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৪:১৬ পিএম

চার বছর আগে নিখোঁজ হওয়ার পর পাঁচ বছরের যে শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিলো, সেই আয়াত হত্যা মামলায় আসামি মোহাম্মদ আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। এটা না দিলে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি আবির। এ সময় নিহত শিশু আয়াতের বাবা-মা, আইনজীবী ও সাংবাদিকরাও আদালতকক্ষে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ২০২২ সালের ১১ই  নভেম্বর সংঘটিত এ হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় ৫০ জন সাক্ষীর মধ্যে ৩৪ জনের সাক্ষ্য উপস্থাপন করা হয়। মামলায় আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি, ময়নাতদন্ত প্রতিবেদন, জব্দ তালিকা এবং অন্যান্য আলামত আদালতের সামনে উপস্থাপন করা হয়।

রায়ে আদালত পর্যবেক্ষণ করেন, ঘটনাটি ছিল অত্যন্ত নির্মম, নৃশংস ও সমাজে আতঙ্ক সৃষ্টিকারী। খণ্ডিত মরদেহ উদ্ধার, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিসহ সব তথ্য-উপাত্ত পর্যালোচনার পর আদালত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানকে উপযুক্ত মনে করেছেন।

আদালত আরও মন্তব্য করেন, এমন ভয়াবহ অপরাধ শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। তাই অপরাধের ভয়াবহতা বিবেচনায় সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে।

আলোচিত এ মামলার রায়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলেও, আদালত প্রাঙ্গণে উপস্থিত আয়াতের স্বজনদের চোখে ছিল হারানোর বেদনা। তাদের প্রত্যাশা, এই রায়ের মাধ্যমে শিশুটির জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।