চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে আসছিল একটি পণ্যবাহী জাহাজ। ৮ই নভেম্বর দুপুরে মোংলায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই জাহাজটিকে আটকে দেয় ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনতারা নিউজে জানিয়েছে জাহাজটিতে পাওয়া গিয়েছে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট নামের একটি রাসায়নিক। এছাড়া ওই জাহাজে কয়েক লাখ ‘ফোরজি এলটিই’ ব্ল্যাংক সিম কার্ডও পাওয়া গেছে।
৭ই নভেম্বর ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় এ ঘটনা ঘটে। শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি প্রকাশ করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
আটক জাহাজটির নাম এমভি স্টার লাইন। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কমোরোসের পতাকাবাহী জাহাজটি চীনের লিয়ানইয়ুংগাং বন্দর থেকে আসছিল।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী বলছে, জাহাজটি জ্বালানি নেওয়ার কথা বলে বেলাওয়ান জলসীমায় অনির্ধারিতভাবে অবস্থান করছিল অর্থাৎ জাহাজটি তার নির্ধারিত নৌপথের বাইরে চলাচল করছিল। এ সময় টহলরত নৌবাহিনীর জাহাজের সদস্যদের কাছে এর গতিবিধি সন্দেহজনক মনে হয়।
নৌবাহিনীর সদস্যরা বেতার যোগাযোগের চেষ্টা করলেও জাহাজ থেকে সাড়া পাওয়া যায়নি। এরপরই তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে জাহাজের কাগজপত্র ও পণ্যবাহী কনটেইনার পরীক্ষা করে বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। জাহাজের ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এছাড়া ৫৪টি প্যালেটে ছিল লাখ লাখ ফোরজি এলটিই সিম কার্ড।
জাহাজটি পরবর্তী তদন্তের জন্য নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডের সদর দপ্তরে নেওয়া হয়েছে। তদন্তে দেশটির মাদক নিয়ন্ত্রণ সংস্থা, পুলিশ, শুল্ক বিভাগ, অভিবাসন বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো যুক্ত হয়েছে।
সোডিয়াম পারক্লোরেট ব্যবহার হয় কোথায়
সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী রাসায়নিক পদার্থ। এটা নিজে বিস্ফোরক বা জ্বালানি নয়। তবে অন্য পদার্থের দহন প্রক্রিয়ায় সহায়তা করে। রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানিতে ব্যবহৃত অক্সিডাইজার উৎপাদনের কাঁচামাল হিসাবেও ব্যবহার হয়।
বিশেষ প্রক্রিয়ায় সোডিয়াম পারক্লোরেট থেকে অ্যামোনিয়াম পারক্লোরেট তৈরি করা যায়। অ্যামোনিয়াম পারক্লোরেট রকেট জ্বালানির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এ ছাড়া বিস্ফোরক, আতশবাজি ও বিভিন্ন পাইরোটেকনিক পণ্য উৎপাদনেও সোডিয়াম পারক্লোরেটের ব্যবহার রয়েছে। এই রাসায়নিক পদার্থ দিয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র বা বিস্ফোরক তৈরি করা যায় না। এর জন্য প্রয়োজন আরও উপাদান ও বিশেষ প্রযুক্তি।
পারক্লোরেট যৌগের বিভিন্ন শিল্পে ব্যবহার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টার-স্টেট টেকনোলজি অ্যান্ড রেগুলেটরি কাউন্সিল (আইটিআরসি)-এর ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পকারখানা, বিশ্ববিদ্যালয়, প্রতিরক্ষা ও জ্বালানি বিভাগের গবেষণাগারে পারক্লোরেট যৌগ ব্যবহৃত হয়। এমনকি কৃষি খাতেও পারক্লোরেটের ব্যবহার বা উপস্থিতির তথ্য পাওয়া গেছে।

কারা উৎপাদন করে
সোডিয়াম পারক্লোরেটের চাহিদা রয়েছে মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা সরঞ্জাম, খনি, বিস্ফোরক এবং বিশেষায়িত রাসায়নিক শিল্পে। এসব খাতের প্রতিষ্ঠানগুলো নিজেদের উৎপাদনপ্রক্রিয়ার প্রয়োজনে রাসায়নিক পদার্থটি আমদানি করে। ফলে এর ব্যবহার শুধু সামরিক খাতে সীমাবদ্ধ নয়।
২০২৬ সালের ১৩ই জুন ‘ওয়ার্ল্ড সোডিয়াম পারক্লোরেট- মার্কেট অ্যানালিসিস, ফোরকাস্ট, সাইজ, ট্রেন্ডস অ্যান্ড ইনসাইটস’ রিপোর্ট অনুযায়ী বিশ্ববাজারে চীন অন্যতম প্রধান উৎপাদক ও সরবরাহকারী দেশ। এ ছাড়া ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়াতেও এর উৎপাদন হয়। ভারতের কয়েকটি প্রতিষ্ঠানও সোডিয়াম পারক্লোরেট উৎপাদন ও বাজারজাত করে। এর মধ্যে ক্যালিব্রে কেমিক্যালস ও পান্ডিয়ান কেমিক্যালসের নাম উল্লেখযোগ্য।
বিশ্ববাজারের ৭০-৮০ শতাংশ উৎপাদন করছে চীন। তাদের উৎপাদিত এই পদার্থ পৌঁছে যাচ্ছে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আমেরিকাতেও।
৪০৫ টন রাসায়নিকের আমদানিকারক কে?
বাংলাদেশের উদ্দেশে বিপুল পরিমাণ রাসায়নিক পাঠানো হলেও এর আমদানিকারক কে, তা এখনো জানা যায়নি। জাহাজটির পণ্য আমদানিকারক, মালিকানা এবং চালানের চূড়ান্ত প্রাপক সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
একই জাহাজে বিপুল পরিমাণ রাসায়নিকের পাশাপাশি লাখ লাখ নিবন্ধনহীন সিম কার্ড পাওয়ার বিষয়টিও তদন্ত করছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। এসব পণ্যের প্রকৃত মালিক কারা, কারা এগুলো পাঠিয়েছে এবং বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে এগুলো পৌঁছানোর কথা ছিল, তা এখনো পরিষ্কার নয়।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, জাহাজটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং পুরো চালানের বিষয়ে তদন্ত চলছে।



