ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগের ঘোষণা স্পেনের পরিবহনমন্ত্রীর

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।  তিনি দায়িত্বে থাকার সময়ে এক বছরের মধ্যে দেশটিতে দুটি ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে।

তবে কবে তিনি পদ ছাড়বেন, সে বিষয়ে স্পষ্ট করেননি। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আইনপ্রণেতাদের তিনি বলেছেন, “স্পেনের মতো একটি দেশের পরিবহনমন্ত্রী হিসেবে এত কম সময়ে দুটি ভয়াবহ দুর্ঘটনার পর দায়িত্বে থাকা সম্ভব নয়।”

চলতি বছরের ১৮ই জানুয়ারি কর্ডোবা প্রদেশের আদামুজ এলাকায় মাদ্রিদ-সেভিল হাই-স্পিড লাইনে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। ওই দুর্ঘটনায় ট্রেনের চালকসহ ৪৬ জন নিহত এবং ২৯২ জন আহত হন।

প্রথম দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৮এ অক্টোবর টলেডো প্রদেশের লস ইয়েবেনেস অঞ্চলে ঘটে স্পেনের সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহ আরেকটি রেল দুর্ঘটনা।

প্রাথমিক তদন্তে জানা যায়, কম্পিউটার সিস্টেমের ব্যর্থতার কারণে ট্রেনের স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা সচল ছিল না। যার ফলে চালক সামনে থাকা ট্রেনের কোনো সতর্কবার্তা পাননি। এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই ৬৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হন।