মার্কিন হামলায় বিয়ের অনুষ্ঠানে চারজনের মৃত্যু, ইরানের পালটা হামলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

ইরানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন একজন শিশুসহ চারজন বেসামরিক নাগরিক। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং জর্দানের সশস্ত্র বাহিনীর বরাতে বিবিসি জানিয়েছে, এই হামলার জবাবে ইরাক ও জর্দানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক অঞ্চলে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই ক্ষেপণাস্ত্রের শ্র্যাপনেল গিয়ে এমন একটি বাড়িতে গিয়ে পড়ে যেখানে বিয়ের অনুষ্ঠান চলছিলো। শ্র্যাপনেলের আঘাতে সেখানে একজন শিশুসহ চারজনের মৃত্যু হয়। আহত হন ৫০জনের বেশি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের রেভোল্যুশোনারি গার্ড কোর (আইআরজিসি) এর হামলার জবাবেই যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ‘পস্তাবে’। ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানায়, বুধবার ভোরে জর্দানের আকাবায় ইরান একাধিকবার ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে।

জর্দানের সশস্ত্র বাহিনী জানায়, ইরানের ১৩টি ব্যালিস্টিক মিসাইল তারা থামাতে সক্ষম হয়। তারা এও জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে কোনো আহত বা নিহতের ঘটনা ঘটেনি দেশটিতে। কুয়েতেও ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানায় দেশটির সশস্ত্র বাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার ভোর থেকে বাহরাইনেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরান পালটা হামলা চালালে “আরও তীব্র ও উঁচু মাত্রার হামলা” চালানো হবে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মার্কিন হামলায় এক শিশুসহ চারজন বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বিবিসিকে বলেন, “যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে না, যেমনটা আইআরজিসি করে।”

২০২৬ সালের ২৮এ ফেব্রুয়ারিতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালালে এই সংঘাত শুরু হয়। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। জুন মাসে পাকিস্তানের মধ্যস্ততায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক বা মেমোর‍্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়। তবে দুই দেশের মধ্যে পুনরায় সহিংসতা শুরু হলে সমঝোতা স্মারক ভেস্তে যায়।

মঙ্গলবার ১লা সেপ্টেম্বর ইরানের গণমাধ্যমকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারককে সম্মান করে, তাহলে ইরানও তাই করবে।