যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত অন্তত পাঁচজন

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০:২৯ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে বন্দুকধারীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে। 

যুক্তরাষ্ট্র সময় রবিবার সন্ধ্যায় সিয়াটল সেন্টারে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে।

সিয়াটল ফায়ার ডিপার্টমেন্টের সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর।  

সিয়াটল পুলিশ জানিয়েছে, গুলির ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পরে আরও বিস্তারিত জানানো হবে।

গুলির সময় সিয়াটল সেন্টারে ‘বাইট অব সিয়াটল’ নামে একটি ফুড ফেস্টিভাল চলছিলো। প্রতি বছর আয়োজিত এই উৎসবে শত শত খাবারের স্টল বসে। সাথে থাকে সাংস্কৃতিক পরিবেশনা। উৎসব দেখতে সেখানে বিপুলসংখ্যক মানুষের ভিড় ছিলো। গুলির শব্দ শোনার পর উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন।

ঘটনার পরপরই পুলিশ ও জরুরি সেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। কী কারণে এই হামলা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত চলছে।