আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ পার্টির

অভিজিৎ দীপকে বলেন, “এটা প্রথম পতন। আমরা এখানে থামবো না। এটা কেবল শুরু। 

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

প্রবল প্রতিবাদের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। টুইটারে দেওয়া এক পোস্টে দলের প্রধান অভিজিৎ দীপকে বলেন, “আমরা এখানে থামবো না”।

তিনি বলেন, “এটা প্রথম পতন। আমরা এখানে থামবো না। এটা কেবল শুরু। যেসব শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা গত ৩৬ দিন ধরে আন্দোলন চালিয়ে গেছেন, তাদের প্রতি আমি সম্মান জানাই”।

এরপর আরও একটি পোস্ট করা হয় পার্টির এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি বলেন, “এটাই গণতন্ত্র। তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমাদের আরও দুইটি দাবি আছে। আমরা এভাবে চলে যাবো না। আত্মহত্যা করা প্রত্যেক শিশুর পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে এবং ২০ তারিখ যে পুলিশরা গুন্ডার মতো আচরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

“ককরোচদের সঙ্গে পাঙ্গা নেবেন না” পোস্টের শেষে বলেন অভিজিৎ দীপকে।