কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম

বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন ঘাঁটিতে ইরান শক্তিশালী হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

মার্কিন বিমান হামলার জবাবে ইরানের বিমান বাহিনী ও নৌবাহিনী এই যৌথ অভিযান চালিয়েছে বলে বুধবার জানিয়েছে তেহরান। 

আইআরজিসি এক জরুরি সামরিক বিবৃতিতে বলেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিকে সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ন সামরিক অবকাঠামোর মোট ৮৫টি নির্দিষ্ট স্থানে আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

এর আগে মঙ্গলবার রাতে ইরানের ৮০টির বেশি টার্গেটের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র, দাবি করেছে মার্কিন সামরিক সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড নেটওয়ার্ক, রেইডার সাইট, জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ডিপোসহ আইআরজিসির ৬০টির বেশি নৌযানের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে একজন মার্কিন সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে হরমুজ প্রণালিতে বিভিন্ন জাহাজের ওপর হামলা করার কারণেই এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

হামলার সময় মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেইনির শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছিলো। আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের এই হামলা সরাসরি খামেইনির শেষকৃত্যের অনুষ্ঠানের সাথে সম্পর্কিত।