নেটো সম্মেলনের আগে কিয়িভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত 

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়িভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

তুরস্কে শুরু হতে যাওয়া ন্যাটো সম্মেলনের ঠিক আগ মুহূর্তে, সোমবার ভোরে এ হামলা চালানো হয় বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

কিয়িভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় আবাসিক ভবনসহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার তৎপরতা চলছে।

নিহতদের মধ্যে সাতজন কিয়িভে এবং একজন রাজধানীর উত্তর-পশ্চিমের বুচা জেলায় মারা গেছেন। 

মঙ্গলবার আঙ্কারায় শুরু হতে যাওয়া নেটো সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত শনিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে ৯০ মিনিটের দীর্ঘ ফোনালাপ হয়েছে, যেখানে ইউক্রেইন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। 

এক সপ্তাহের কম সময়ে কিয়েভে এটি দ্বিতীয় বড় হামলা। একই সময়ে ইউক্রেনও রাশিয়ার ভেতরের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদার করেছে।

রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপল এলাকায় ইউক্রেনের হামলায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের খবরও দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

পূর্বাঞ্চলের কস্তিয়ান্তিনিভকা শহর নিয়েও উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। মস্কো শহরটি দখলের দাবি করলেও কিয়িভ তা অস্বীকার করেছে।