ইতালিতে ছুরিকাঘাতে একই পরিবারের তিনজন নিহত

আপডেট : ২৭ জুন ২০২৬, ০১:২০ পিএম

ইতালির রোমে নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও এক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাতে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৪০), তার স্ত্রী আরজু বেগম (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

হামলায় গুরুতর আহত হয়েছেন তাদের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। তাকে উদ্ধার করে রোমের জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নিহত কামাল উদ্দিন বাবুলের নোয়াখালীর বাড়ির প্রতিবেশী আফনান হোসেন আলাপকে বলেন, “আজ (শনিবার) ভোর পাঁচটার দিকে ইতালিতে থাকা স্বজনরা আমাদের সংবাদটি দিয়েছেন। তারা জানিয়েছেন, রাতে বাসার ভেতর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে বের হয়ে প্রথমে পুলিশে খবর দেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বাবুল, তার স্ত্রী, ছেলে ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বাবুল, তার স্ত্রী ও ছোট মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।”

তবে স্থানীয় পুলিশ ও দূতাবাস থেকে এখনো তাদের কিছুই জানানো হয়নি বলেও জানান তিনি।

লাশ কবে দেশে আনা হবে, সে বিষয়েও কেউ কিছু জানাতে পারেননি।