বেলফাস্টে ছড়িয়ে পড়েছে অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভ

আপডেট : ১০ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে এক ব্যক্তির ওপর ছুরিকাঘাতের ঘটনার পর অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের হামলায় কয়েকটি বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার রাতে উত্তর বেলফাস্টে এক ব্যক্তির ওপর ছুরিকাঘাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সন্ধ্যা থেকে উত্তেজনা বাড়তে থাকে এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় ৩০ বছর বয়সী এক সুদানি নাগরিকের বিরুদ্ধে হত্যাচেষ্টা, ধারালো অস্ত্র বহন এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

মঙ্গলবার রাতে শত শত বিক্ষোভকারী, যাদের অনেকেই মুখোশ পরিহিত ছিলেন, বেলফাস্টের বিভিন্ন এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালান এবং কয়েকটি গাড়ি ও একটি বাসে আগুন ধরিয়ে দেন। কিছু এলাকায় বাড়িঘরেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, আগুনে জ্বলতে থাকা একটি বাড়ি থেকে একটি পরিবারকে উদ্ধার করতে সহায়তা করছে পুলিশ।

উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পরিবারের সদস্যদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আগুন লাগানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনাকে “জঘন্য ও কাপুরুষোচিত” বলে মন্তব্য করেন।

পুলিশের সহকারী প্রধান কনস্টেবল রায়ান হেন্ডারসন জানান, হামলার শিকার ব্যক্তি চোখ, মুখ ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রান্নাঘরের ছুরি উদ্ধার করা হয়েছে। তিনি হামলাটিকে “নৃশংস” বলে বর্ণনা করেন।

তদন্ত কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাধারণ মানুষ হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন। তাদের দ্রুত পদক্ষেপ আহত ব্যক্তির জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছে পুলিশ।

এদিকে উত্তর আয়ারল্যান্ডের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা যৌথ বিবৃতিতে ছুরিকাঘাতের ঘটনার নিন্দা জানিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, সহিংস প্রতিক্রিয়া কোনো সমস্যার সমাধান নয়, বরং তা স্থানীয় সম্প্রদায়ের জন্য আরও ক্ষতির কারণ হবে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে অভিবাসন ও নিরাপত্তা ইস্যুতে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনার মধ্যে বেলফাস্টের এই সহিংসতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।