ব্রিকস সম্মেলনে দিল্লি যাচ্ছেন যে বিশ্বনেতারা

এবারের সম্মেলনে বিশ্বরাজনীতি ও অর্থনীতির শীর্ষ সারির একাধিক নেতার উপস্থিতি নিশ্চিত হয়েছে। অংশ নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

ভারতের রাজধানী নয়া দিল্লিতে আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর বসছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। জোটটির চলতি মেয়াদের ‘চেয়ার’ হিসাবে বিশ্বের শীর্ষ নেতাদের স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুই দিনব্যাপী এই হাইপ্রোফাইল সম্মেলনটি দিল্লির প্রগতি ময়দানের 'ভারত মণ্ডপমে' অনুষ্ঠিত হবে। সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি অংশীদার ও আমন্ত্রিত দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এবারের সম্মেলনে বিশ্বরাজনীতি ও অর্থনীতির শীর্ষ সারির একাধিক নেতার উপস্থিতি নিশ্চিত হয়েছে। অংশ নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্মেলনে তাদের পাশাপাশি যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। আর ব্রাজিলের পক্ষে যোগ দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এছাড়া বিশেষ আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, ১২ই সেপ্টেম্বর ব্রিকসের ১১টি মূল সদস্য দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্মেলনের মূল কার্যক্রম শুরু হবে।

পরদিন ১৩ই সেপ্টেম্বর আমন্ত্রিত আউটরিচ দেশগুলোর প্রতিনিধিরাও আলোচনায় যোগ দেবেন। সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে দ্বিপাক্ষিক আলোচনা ও রুদ্ধদ্বার বৈঠকের পাশাপাশি বিশ্বনেতাদের সৌজন্যে যৌথ বৃক্ষরোপণ, অফিসিয়াল ফ্যামিলি ফটো এবং নৈশভোজের আয়োজন করা হয়েছে।

চলতি বছর ব্রিকসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ’রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি’ বা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়ন।

শীর্ষ সম্মেলনে ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতা মোকাবেলার ওপর জোর দেওয়া হবে। বিশেষ করে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্থিতিশীল সরবরাহ, প্রযুক্তি এবং অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে ব্রিকস রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনা হওয়ার কথা আছে।

মূল সম্মেলন শুরুর আগের দিন ১১ই সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে 'ব্রিকস বিজনেস ফোরাম'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে মূল বক্তব্য প্রদান করবেন।

ফোরামে চীন, রাশিয়া, ব্রাজিলসহ সদস্য দেশগুলোর শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

সিএনপিসি, আইসিবিসি, কসকো, হুয়াওয়ে এবং আলিবাবার মতো শীর্ষ চীনা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল এতে যোগ দিচ্ছে।

ব্রিকসের ২০ বছর পূর্তির বছরে ভারত চতুর্থবারের মতো এর সভাপতির দায়িত্ব পালন করছে।