যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে আলোচনায় বসবে না ইরান

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে আলোচনায় বসবে না ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি জানিয়েছেন এই নৌ-অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন।

বার্তা সংস্থা আল জাজিরায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রদূত ইরাভানি বলছেন, “যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলেই সঙ্গে সঙ্গেই ইসলামাবাদে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, “আমরা তাদের বলেছি যে নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে। আমরা কিছু ইঙ্গিতও পেয়েছি যে তারা নৌ-অবরোধ তুলে নিতে প্রস্তুত।”

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স তার পাকিস্তান যাত্রা বাতিল করা বিষয়ে তাকে প্রশ্ন করা হলে ইরাভানি জানান, “আমি এ বিষয়ে জানি না। আমার কাছে কোনো তথ্য নেই। আলোচনার শর্তই হলো অবরোধ তুলে নিতে হবে আগে।”

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা সামরিক আগ্রাসন শুরু করিনি। তারাই শুরু করেছে। তারা আলোচনায় বসে রাজনৈতিক সমাধান চাইলে আমরা প্রস্তুত। আর তারা যুদ্ধ চাইলে আমরা সেজন্যই তৈরি আছি। তবে সেটা আমরা স্বাগত জানাই না।”