বাংলাদেশে গম পাচারের অভিযোগে নুসরাতকে তলব

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

বাংলাদেশে গম পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে তলব করেছে দেশটির এক তদন্তকারী সংস্থা। বুধবার তদন্তকারী সংস্থা এনফরসমেন্ট ডিরেক্টরিয়েট (ইডি) তাদের সল্ট লেক দপ্তরে তাকে তলব করে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের রেশন চোরাচালান মামলায় নতুন করে তদন্ত শুরু করে ইডি। এই তদন্তের সূত্রেই ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্যকে হাজিরা দিতে বলা হয়েছে।  

সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বর্তমানে বিদেশে থাকায় নুসরাত দিল্লির সদর দপ্তরে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন। এখনো পর্যন্ত এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২০ সালে বসিরহাট থানায় দায়ের হওয়া একটি এফআইআর থেকেই এই মামলার সূত্রপাত।

অভিযোগ ছিল, জনবণ্টন ব্যবস্থার (পিডিএস) আওতায় বরাদ্দ গম ও চাল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছিল। সেই সময় কয়েকটি ট্রাকও আটক করা হয়।

ইডি জানিয়েছে, এই চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংস্থার আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। যদিও নুসরাত জাহানের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি। তবে তৎকালীন বসিরহাটের সংসদ সদস্য  হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে।