মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের ’ভারসাম্যপূর্ণ অবস্থান’ পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে ইরানের চলমান সংকট নিয়ে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ইরানের উপপরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সব পক্ষের ধৈর্য্য ধারণের ওপর গুরুত্ব দেন। কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের ওপর জোর দেন তিনি।

সোমবার তুরস্কে আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে নিরাপদে হরমুজ প্রণালি পাড়ি দিতে সহযোগিতা করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।

সম্প্রতি স্যাটেলাইট টিভি চ্যানেল ওয়ানে একটি সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, “যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে। কিন্তু, বিভিন্ন দেশ আমাদের সাথে কেমন আচরণ করেছে, সেটা আমরা মনে রাখবো। ইরান আগ্রাসনের শিকার হয়েছে। বাংলাদেশ সরকার চাইলে আমাদের ফোন করে সহানুভূতি জানাতে পারতো।”

এর আগে পহেলা এপ্রিল ঢাকায় সাংবাদিকদের রাষ্ট্রদূত জাহানাবাদি বলেন, “আমরা আশা করি, বাংলাদেশ আরও স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেবে। অন্যান্য দেশ যেমন পাকিস্তান, তুরস্ক এই হামলার নিন্দা করেছে এবং সংলাপ ও শান্তির আহ্বান জানিয়েছে।”

তিনি উষ্মা জানিয়ে বলেছিলেন, “আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের কিছু বিবৃতিতে শুধু উদ্বেগ প্রকাশ করা হয়েছে।  কিন্তু আগ্রাসনের স্পষ্ট নিন্দা করা হয়নি।”