ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফার আলোচনার কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ।

শনিবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আটলান্টিয়ায় আয়োজিত কূটনৈতিক ফোরামে সাংবাদিকদের তিনি এই কথা জানিয়েছেন; সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

“ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী আলোচনার কোনো তারিখ নির্ধারণ করা হয়নি,” বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছিলেন, চলতি সপ্তাহেই পাকিস্তানে আবারও আলোচনা হতে পারে।

কোনো প্রকার চুক্তি ছাড়া ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনা শেষ হলেও আশা দেখাচ্ছিল ট্রাম্পের এমন বক্তব্য। কিন্তু ইরানের প্রতিক্রিয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেটা এখন কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আগের বৈঠক প্রসঙ্গে সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, আলোচনাটি ভালো চলতে থাকলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির চাপে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘আন্তর্জাতিক আইনের বাইরে বিশেষ আইন করতে চাওয়ায়’ চুক্তি করা সম্ভব হয়নি।

তিনি বলেন, “ইরান কখনোই আন্তর্জাতিক আইনের বাইরে নিজেকে ব্যতিক্রম হিসেবে মানতে রাজি নয়। আমরা যা কিছুতে প্রতিজ্ঞাবদ্ধ হবো তা আন্তর্জাতিক নিয়ম ও আইনের মধ্যেই থাকতে হবে।”

ইরান হরমুজ প্রণালি আবার বন্ধ করছে কিনা এমন প্রশ্নের জবাবে তার বক্তব্য ছিল, “ইরান যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার ঘোষণা দিয়েছে। তবে আমেরিকান পক্ষ এটি ব্যাহত করার চেষ্টা করেছে, তারা বলেছে পথ খোলা, তবে ইরানিদের জন্য নয়। তাই আমরা বলেছি, যদি আপনারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেন এবং প্রতিশ্রুতি রক্ষা না করেন, তাহলে তার পরিণতি ভোগ করতে হবে।”