ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চালবোঝাই ট্রাক উলটে গিয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আরো অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরের আগে রাত ৩টার দিকে দাউদকান্দি থানার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে দিনাজপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিলো চালবোঝাই একটি ট্রাক। দাউদকান্দির হাসানপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে।
ট্রাকের ওপরে ১৩ জন আরোহী ছিলেন। উল্টে পড়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেয়।



