রাত ৮টার পর দোকান, শপিংমল বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের একাংশের

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম

জ্বালানি সংকটের কারণে ঢাকাসহ সারাদেশে রাত ৮টার পর দোকান, শপিংমল ও ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দোকান মালিকদের একাংশের সংগঠন ‘বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি’।

তারা জানায়, আন্তর্জাতিক জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সরকারের সাশ্রয়ী উদ্যোগকে সমর্থন জানাতেই এ সিদ্ধান্ত। 

তবে ফার্মেসি, কাঁচাবাজার ও  রেস্তোরাঁসহ জরুরি সেবাগুলো এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়। 

‘ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি’র সভাপতি আরিফুর রহমান টিপু আলাপকে বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা বিবেচনায় সাশ্রয়ের দিক চিন্তা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি’।

তবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে এই খাতের আরেক সংগঠন ‘বাংলাদেশ দোকান মালিক সমিতি’। তাদের দাবি, তারাই  এফবিসিসিআইয়ের নিবন্ধিত সংগঠন। 

সংগঠনটির সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন আলাপকে বলেন, ‘জ্বালানি মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী আগামী শনিবার আমাদের ডাকছেন, ওখানে বসে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায়’।