মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক ‘জান্তা প্রধান’

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সদ্য সাবেক  সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইং। শুক্রবার সংসদে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

৫৯৪ সদস্যবিশিষ্ট সংসদে ২৯৩ জনই হ্লাইংয়ের পক্ষে ভোট দেন। সংসদের এক-চতুর্থাংশ আসন সেনাসদস্যদের জন্য সংরক্ষিত, যা হ্লাইংয়ের বিজয় নিশ্চিত করেছে।

সংবাদ মাধ্যম আল-জাজিরা বলছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে শান্তিতে নোবেলজয়ী নেত্রী অং সান সু চির সরকার হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই এই জেনারেলের লক্ষ্য ছিলো রাষ্ট্রপতির পদটি নিজের করে নেওয়া। প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার আগে গত সোমবার মিন অং হ্লাইং তার দীর্ঘদিনের অনুগত সাবেক গোয়েন্দা প্রধান ইয়ে উইন উ’র কাছে সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্ব হস্তান্তর করেন।

গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ (ইউএসডিপি) ৮০ শতাংশের বেশি আসনে জয় পায়।