পেট্রোল পাম্পে কী করবেন ট্যাগ অফিসার

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্তের পর এবার তাদের দায়িত্ব ও কর্ম পরিধি কী হবে তা জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রোববার বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় জানায়, ‘ট্যাগ অফিসার’ পাম্পে তেল মজুতের পরিমাণ রেকর্ড করা এবং দিন শেষে তা মিলিয়ে দেখবেন।

এছাড়া, মেশিনের মিটার রিডিং এবং ক্যাশ মেমোর সাথে তেল বিক্রির হিসাব নিয়মিত যাচাই, গ্রাহকরা সঠিক মাপে তেল পাচ্ছেন কি না, তা নিশ্চিত করাসহ ১৩ ধরনের দায়িত্ব পালন করবেন।

পাম্পগুলো নিয়ম ভাঙলেও শাস্তি নিশ্চিত করবে ‘ট্যাগ অফিসার’।

প্রথমবার নিয়ম ভাঙলে সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট এবং তৃতীয়বার পাম্পের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হতে পারে বলে জানানো হয়েছে।

এরআগে শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সভায় দেশের সব পাম্পে  ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। যা পরদিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মন্ত্রণালয়।

জানানো হয়, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

আর অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এই অফিসার নিয়োগ করবেন।