দৈনিক জনকণ্ঠ বন্ধ নিয়ে বিভ্রান্তি  

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম

দৈনিক জনকণ্ঠের কার্যক্রম বন্ধের ভুয়া খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে এই খবর। তবে জনকণ্ঠের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, এই খবর সত্য নয়। এই ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়রি করেছে বলেও জানানো হয়েছে ফেসবুক পোস্টে।  

বুধবার সোশ্যাল মিডিয়ায় জনকণ্ঠ বন্ধের খবর ছড়িয়ে পড়ে। ফটোকার্ড ছাড়াও একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয় এই খবর। 

এরপরই ফেসবুকে নিজেদের অবস্থান পরিস্কার করে জনকণ্ঠ। প্রতিষ্ঠানটি দাবি করে, প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার করে সম্পাদকের স্বাক্ষর নকল করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে এ সম্পর্কে মালিক পক্ষ অবগত নয়।

এর আগে গণমাধ্যমে প্রচারিত খবরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক জনকণ্ঠ পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। তবে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেডের কাজ আগামী ২১ এপ্রিল থেকে পুনরায় শুরু হবে।

জনকণ্ঠের দেওয়া প্রতিবাদলিপিতে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক শামীমা আতিকুল্লাহ খান বলেন, “কিছু গণমাধ্যমে অনলাইনে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে দৈনিক জনকণ্ঠের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে - যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। এ ধরনের সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।”

তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির সময় জনকণ্ঠ শিল্প পরিবারের ভবনে বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য অবকাঠামোগত সংস্কার কাজ চলমান রয়েছে। উক্ত সংস্কার কার্যক্রম সম্পূর্ণ না হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে ১ এপ্রিল থেকে অফিসের কার্যক্রম ধাপে ধাপে পুনরায় শুরু হয়েছে এবং আগামী ২০ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম স্বাভাবিক হবে।

গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “সঠিক ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। জনকণ্ঠকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”