শ্রীলঙ্কায় ইরানি জাহাজে সাবমেরিন হামলায় একজন নিহত, আহত ৭৮

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম

শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭৮ জন।  নিখোঁজ রয়েছেন অন্তত ১০১ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবেকারা জাহাজটিতে হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। হামলার পর জাহাজটি সম্পূর্ণ ডুবে গেছে।

জাহাজের আরোহীদের নিখোঁজ হওয়া নিয়ে সংশয় তৈরী হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ১০১ জন নিখোঁজ হওয়ার খবরটি সঠিক নয়। মুখপাত্র জানান, এই ঘটনায় আহত ৩২ জনকে শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার করেছে এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ সংসদে জানিয়েছেন, নৌবাহিনী জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পেয়েছিল এবং স্থানীয় সময় সকাল ৬টায়  উদ্ধার অভিযান শুরু করেছে। এ ঘটনায় অন্তত ৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী। 

মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে  শ্রীলঙ্কা উপকূলে ডুবতে থাকা জাহাজটির নাম 'আইরিস ডেনা'। এটি ইরানের অন্যতম আধুনিক যুদ্ধজাহাজ।

২০২৩ সালে ইরান তাদের দুটি জাহাজ নিয়ে বিশ্বজুড়ে এক বিশেষ সফর আয়োজন করেছিল। এই সফরের প্রধান আকর্ষণ ছিল যুদ্ধজাহাজ বা ফ্রিগেট ‘আইরিস ডেনা’।

তাদের সাথে ছিল ‘আইরিস মাকরান’ নামের আরেকটি সহযোগী জাহাজ, যা আগে একটি তেলের ট্যাংকার ছিল কিন্তু পরে সেটিকে যুদ্ধজাহাজে রূপান্তর করা হয়েছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি বিভাগ এই দুটি জাহাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।