সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৪ টাকা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে ৪ টাকা বৃদ্ধি করে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

মূল্য সমন্বয়ের কারণ হিসাবে বৈশ্বিক পরিস্থিতির বিষয় তুলে ধরেন তিনি।

“আমরা আশা করি আমাদের ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি বিবেচনা করে দেখবেন। এতে বাজারের সরবরাহ পরিস্থিতিও আগের চেয়ে স্বাভাবিক হবে,” বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এর আগে সবশেষ, চলতি বছরের মার্চের শুরুতে সয়াবিন তেলের দাম ১৫ টাকা বাড়িয়ে লিটারে ১৯৫ টাকা করেছিলো সরকার।