কুয়েতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০২:০৭ পিএম

কুয়েতের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের হামলায় কুয়েতের একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

কুয়েতের পক্ষ থেকেও জানানো হয়েছে যে দেশটির আকাশসীমায় একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা জানিয়েছে, বিমানের সব ক্রু বেঁচে আছেন।  

সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার ফেইসবুক একাউন্টে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কুয়েতে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে আগুন ধরে যাওয়ার পর সেটি বিধ্বস্ত হয়েছে।

এ ছাড়া কুয়েতের মার্কিন দূতাবাস সংলগ্ন একটি এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি।