নির্বাচনে অনিয়মের অভিযোগ রুমিন ও জারার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

ভোটের দিন সকালেই ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। অন্যদিকে সকালে কেন্দ্র পরিদর্শনে বের হন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

ভোটে অনিয়মের অভিযোগ তুলেছেন এই দুই স্বতন্ত্র প্রার্থী।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৮টি ভোটকেন্দ্রে সিল মারার পরিকল্পনা আছে বলে অভিযোগ করেছেন রুমিন ফারহানা।

তিনি বলেন, “আমি সেনাবাহিনী, পুলিশ, ডিজি সবাইকে কেন্দ্রগুলো, যেগুলো অতি ঝুঁকিপূর্ণ, নাম দিয়ে দিয়েছি। দেখা যাক কী হয়।” 

বৃহস্পতিবার সকালে সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

রুমিন ফারহানা তার নেতাকর্মীদের প্রশাসনিক হেনস্তার অভিযোগ তুলে বলেন, “আমার দুজন কর্মীকে গতকাল রাতে পুলিশ ধরে নিয়ে গেছে। ... ঐ রাতে খেঁজুর গাছে সিল মারার একটা পরিকল্পনা ছিল। তাই তারা পাহারায় ছিল। কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে ধরা হয়েছে।”

এদিকে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার অভিযোগ, বিভিন্ন ভোটকেন্দ্রে তার পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে তিনি এমন অভিযোগ করেছেন। 

সাংবাদিকদের তিনি বলেন, “বিভিন্ন কেন্দ্রে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেখানো হচ্ছে।”

কোথাও ভোটার না হওয়ার অজুহাত, কোথাও পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট না ঢুকতে পারার অজুহাত, আবার কোথাও মোবাইল নিয়ে প্রবেশ নিষেধের কথা বলে এজেন্টদের হেনস্তা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তাসনিম জারা বলেন, “এটা গ্রহণযোগ্য না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কীভাবে হয় তাহলে?”