ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিষেধাজ্ঞা খারিজ করলো আমেরিকার আদালত

আপডেট : ০৩ মে ২০২৬, ০৭:২২ পিএম

যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতিকে বেআইনি বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

অভিবাসন আবেদনের প্রক্রিয়া থেমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বস্টনে মামলা করেন ২০টি দেশের ২০০জন আবেদনকারী। এই মামলার রায় দিতে গিয়েই বস্টনের ডিস্ট্রিক্ট জাজ জুলিয়া কোবিক বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘ট্রাভেল ব্যান লিস্ট’ অন্তর্ভুক্ত দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড ও কাজের অনুমোদন পাওয়া কঠিন করে দিবে এমন যেকোনো নীতি ‘বৈষম্যমূলক ও বেআইনি’।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেজ (ইউএসসিআইএস) গত বছরের নভেম্বর থেকে ৩৯টি দেশের আবেদনকারীদের রাজনৈতিক আশ্রয়, গ্রিন কার্ড ও কাজের অনুমোদনের আবেদন প্রসেসিং বন্ধ করে দেয়।

প্রসেসিং বন্ধ করার আগে একটি নীতি গ্রহণ করা হয়, যেখানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘ট্রাভেল ব্যান লিস্ট’ অন্তর্ভুক্ত দেশগুলো থেকে আবেদনকারীদের ‘নেতিবাচক ফ্যাক্টর’ হিসেবে গ্রাহ্য করা হয়। এই নীতির বিরুদ্ধে আবেদনকারীরা মামলা করেন ডিসেম্বর মাসে।

ডিস্ট্রিক্ট জাজ জুলিয়া কোবিক বলেন, বাদীরা প্রমাণ করতে সক্ষম হবেন যে, এই নীতি যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট’-এর বিরুদ্ধে যায়। জাতীয়তার ভিত্তিতে বৈষম্যমূলক কর্মকাণ্ড এই আইন অনুযায়ী অবৈধ। 

ইউএসসিআইএস-কে এই নীতি ২২জন বাদীর ওপর প্রয়োগ করার থেকে আটকান জুলিয়া কোবিক।