কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শুধু খরচ কমানোর জন্য কর্মী ছাঁটাই করা যাবে না বলে রায় দিয়েছে চীনের একটি আদালত।
এই রায়ের মাধ্যমে প্রযুক্তিখাতে চাকরির ভবিষ্যত নিয়ে ‘নতুন উদাহরণ’ তৈরি হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনডিটিভির প্রতিবেদনে লেখা হয়েছে, চীনে মামলাটি করেন ‘ঝউ’ নামের এক প্রযুক্তি কর্মী। ২০২২ সালে একটি কোম্পানির ‘কোয়ালিটি অ্যাশিওরেন্স সুপারভাইজার’ হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
কিন্তু পরে দেখা গেলো ঝউ যে কাজ করেন, সেই কাজ এআই দিয়ে করা সম্ভব হচ্ছে। তখন তাকে কম বেতনের নিচু পদে নামাতে চায় কোম্পানিটি।
ঝউ রাজি না হওয়ায় তাকে চাকরি থেকে বিদায় করে দেওয়া হয়। এরপর মামলা করেন তিনি।
চীনের হাংঝউ ইন্টারমিডিয়েট পিপল’স কোর্ট রায়ে বলেছে, এআই দিয়ে কাজ করা গেলেই সেটা “বড় পরিবর্তন” না, যে এই কারণে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে।
আদালত আরও বলেছে, কোম্পানি এটা প্রমাণ করতে পারেনি যে, ওই কর্মীকে রাখা কেনো সম্ভব ছিলো না। আর তাকে নতুন যে কাজ দেওয়া হয়েছিলো, সেটাও যুক্তিসঙ্গত ছিলো না।
এর আগে বেইজিং কোর্ট একই ধরনের মামলায় কর্মীর পক্ষে রায় দিয়েছিল। এর ফলে এআই-এর কারণে ছাঁটাইয়ের বিরুদ্ধে চীনে আইনি সুরক্ষা আরও শক্ত হলো।
যখন মেটা, অ্যামাজন-এর মতো প্রতিষ্ঠানগুলো এআই ব্যবহরের কারণে কর্মী কমাচ্ছে তখন এই রায় বিশ্বজুড়েই বড় কোম্পানিগুলোর জন্য সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চীনে নতুন রায়ে বলা হয়েছে, এআই ব্যবহার করার আগে কর্মীদের সঙ্গে কথা বলতে হবে কোম্পানিকে। তাদের প্রশিক্ষণ এবং বিকল্প কাজ দিতে হবে। তা না হলে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না।



