মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে ছয় দফা দাবি আসকের 

আপডেট : ০২ মে ২০২৬, ০৪:৫৪ পিএম

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ছয় দফা দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

শনিবার এক বিবৃতিতে আসক তাদের দাবিগুলো উত্থাপন করে জানায়, মুক্ত ও স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্রের বিকাশ এবং মানবাধিকারের সুরক্ষা সম্ভব নয়।

আসকের দাবিগুলোর মধ্যে রয়েছে -সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য কার্যকর সুরক্ষা ব্যবস্থা গ্রহণ, মতপ্রকাশের পরিপন্থী আইনের সংস্কার ও অপব্যবহার রোধ, সাংবাদিকদের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, স্বাধীন ও নৈতিক সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা, নারী ও প্রান্তিক সাংবাদিকদের জন্য বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা।

আসক-এর নির্বাহী পরিচালক তাহমিনা রহমান বলেন, “মুক্ত ও নিরাপদ গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সাংবাদিকরা যাতে ভয় ও চাপহীনভাবে কাজ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা জরুরি”।

আসক পুনর্ব্যক্ত করেছে যে, মতপ্রকাশের স্বাধীনতা কেবল একটি অধিকার নয়, বরং এটি অন্যান্য নাগরিক অধিকার নিশ্চিত করার মূল ভিত্তি।