মুক্ত গণমাধ্যম দিবসে সুপ্রিম কোর্টের গেইটে সাংবাদিকদের মুখে কালো কাপড়

আপডেট : ০৩ মে ২০২৬, ০৫:২২ পিএম

দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে চার মাস ধরে ঢুকতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের। এর প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।

সাংবাদিকদের সংবাদ সংগ্রহের স্বাধীনতা ফিরিয়ে না দিলে আদালতের সংবাদ বর্জনের হুশিয়ারিও দিয়েছেন তারা।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান গেইটের সামনে এই মানববন্ধন করে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম।

সংবাদকর্মীরা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করার দাবি জানায়।

তারা বলেন, স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি। আদালতে প্রবেশাধিকার সীমিত করে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা গণতন্ত্রের জন্য হুমকি।

সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিকরা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা উদ্বেগজনক।

তারা দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। এছাড়া গ্রেপ্তার থাকা সাংবাদিকরা অন্যায় না করে থাকলে তাদের মুক্তির দাবি জানানো হয়।