ভোট দিলেন এনসিপির শীর্ষ নেতারা, সরকার গঠনের প্রত্যাশা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ এএম

সকালেই ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র তিন শীর্ষ নেতা। জয়ী হয়ে সরকার গঠনের আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন তারা। 

বৃহস্পতিবার সকালে বেরাইদের একেএম রহমতুল্লাহ কলেজে ভোটকেন্দ্রে ভোট দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোট দিয়ে তিনি বলেন, ব্যালটেই জনরায় প্রতিফলিত হবে।

সরকার গঠনে নিজের আত্মবিশ্বাস তুলে ধরে নাহিদ বলেন “আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি (১১ দলীয় জোট)।”

ভোট দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার পরপরই তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেন। তিনিও বিজয়ের কথা বলেছেন। 

জনগণদের নিজ নিজ ইচ্ছানুযায়ী ভোট দেওয়ার আহবান জানিয়ে হাসনাত বলেন, “যত বেলা গড়াবে ততোই বিজয়ের দিকে এগিয়ে যাবো।”

মাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন।

ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্রে তার দলীয় নেতাকমী বিশেষ করে নারী কর্মীদের হেনস্থার অভিযোগ করেছেন। বলেছেন, “গতকাল একজন নারী কর্মীর স্কার্ফ খুলে নেওয়া হয়েছে, একজনের মাইক কেড়ে নেওয়া হয়েছে।” 

প্রশাসনের দুর্বলতা নিয়েও শঙ্কা প্রকাশ করেন আখতার। বলেন, “ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা থেকে এবং সমস্ত প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করে যাতে একটা সুষ্ঠু ভোট আয়োজন করতে পারে সেজন্য আমরা তাদের প্রতি আহবান জানাই।”