ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ এএম

শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের  ভোটগ্রহণ। অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বগ্রহণের দেড় বছর পর বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে দেশজুড়ে ৪০ হাজারেরও বেশি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। 

বুধবার রাতের মধ্যেই ঢাকাসহ সারা দেশের ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রে পৌঁছে ব্যালট পেপার, বক্স, সিল, কালিসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম।

সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীকের দলীয় প্রার্থী আছেন ২৯১টি আসনে। যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোকে আটটি আসনে ছাড় দিয়েছে বিএনপি।

আরেক বড় দল আওয়ামী লীগ এবার নির্বাচন করার সুযোগ পায়নি। জুলাই গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম স্থগিত রেখেছে। নিবন্ধন স্থগিত রেখেছে নির্বাচন কমিশনও।

বিএনপির পর সর্বোচ্চ আসনে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৫৮ জন প্রার্থী।

জামায়াতে ইসলামীর প্রার্থী আছে ২২৪ জন। জামায়াতের জোটে থাকা এনসিপির প্রার্থী দিয়েছে ৩০ আসনে। এছাড়া জাতীয় পার্টির ১৯১ জন, গণঅধিকার পরিষদের ৯৪ জন প্রার্থী লড়ছেন ভোটে।

সংসদ নির্বাচনে পাশাপাশি গণভোটও চলছে। ‘হ্যাঁ’-‘না’ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে নিজেদের মত জানাবেন ভোটাররা।