মনোনয়ন বৈধ, জানালেন তাসনিম জারা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ হওয়ায় নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। 

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া জারার মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি। 

শনিবার নিজর ফেইসবুকে তাসনিম জারা লিখেছেন, "শুনানি শেষে আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা–৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি অংশগ্রহণ করছি।"

চব্বিশের গণঅভ্যুত্থানের পর তরুণদের নিয়ে গঠিত এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হয়েছিলেন এই চিকিৎসক। পরে দলত্যাগ করে স্বতন্ত্রভাবে ভোট করার ঘোষণা দেন।

স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট আসনের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক সই জমা দিতে হয় নির্বাচন কমিশনে। তাসনিম জারাও তাই করেছিলেন।

কিন্তু সেখানে সই করা দুইজন সংশ্লিষ্ট এলাকার ভোটার নন বলে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে জানানো হয়েছে।

তাসনিম জারা তখন বলেছিলেন, “দুইজনের ক্ষেত্রে উনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন। কিন্তু সেই দুইজন ঢাকা-৯ এর ভোটার ছিলেন না। কিন্তু তারা জানতেন যে উনারা ঢাকা-৯ এর ভোটার।”

"একজনের বাসা খিলগাঁও। খিলগাঁও যেহেতু ঢাকা-৯ ও ১১ দুইটাতেই পড়ে। উনি জানতেন যে, উনি ঢাকা-৯ এর ভোটার। তার জানার কোনও উপায় ছিল না যে, উনি ঢাকা-৯ এর ভোটার না। উনি ওয়েবসাইটে গিয়ে চেক করেছেন, উনার ভোটার নাম্বারটা পান নাই। এনআইডি যেটা ছিল, উনি জানতেন ঢাকা-৯ এর ভোটার। সেভাবেই উনি স্বাক্ষর করেছেন।”

আরেকজন ভোটারের ক্ষেত্রেও প্রায় একইরকম সমস্যা হয়েছে বলেও জানান তাসনিম জারা।

"আরেকজন যার ব্যতিক্রম এসেছে, তার কাছে যে হার্ড কপি আছে এনআইডির, সেই এনআইডির ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা-৯ এর ভোটার। কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে, তিনিও ঢাকা-৯ এর ভোটার না, এটাও (ওই ভোটারের) জানার কোনও উপায় ছিল না।”