ঢাকা-১৭ থেকে নির্বাচন করবেন তারেক রহমান

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম

দুটি আসন থেকে ভোটে লড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ থেকেও তিনি নির্বাচন করবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

একইসঙ্গে আগেই ঘোষণা দেওয়া বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে লড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা ১৭ সংসদীয় আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। 

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী, সেনানিবাস, মহাখালী ও নিকেতন নিয়ে গঠিত এই আসনটির ভোটার হচ্ছেন তারেক রহমান। 

দেশে ফেরার পর শনিবার নির্বাচন ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তোলা ও বায়োমেট্রিক দেওয়ার কাজ শেষ করেছেন তিনি। সেখানে ঠিকানা দিয়েছেন গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটির।  

এর আগে জাতীয় নির্বাচনে তারেক রহমান সর্বশেষ ভোট দিয়েছিলেন ২০০১ সালে। তখন থাকতেন ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসায়। 

সেই সময়ও তখনও তিনি ভোটার ছিলেন সেনানিবাস এলাকা নিয়ে গঠিত আসনের। 

ঢাকা-১৭ আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ নির্বাচন করতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছিল। 

পার্থ বিএনপির ঘনিষ্ঠ মিত্র হিসেবে এবং নিজ আসন ভোলা-১ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। 

বিএনপির সঙ্গে জোট হলেও ভোলা থেকে পার্থ নিজ দলের প্রতীকে লড়বেন বলে শীর্ষ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন করেছে।