চতুর্থ শ্রেণি থেকে শিক্ষা কার্যক্রমে বাধ্যতামূলকভাবে যুক্ত হচ্ছে খেলা

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম

শিশুদের ছোটবেলা থেকেই দক্ষ অ্যাথলেট হিসেবে গড়ে তুলতে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে পাঠ্যবইয়ের মতো বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া বক্তব্য তিনি বলেন, অংক বা বিজ্ঞানের মতো খেলাধুলাতেও এখন থেকে নম্বর এবং পাস-ফেল থাকবে, যাতে শিক্ষার্থীরা একে গুরুত্বের সাথে গ্রহণ করে।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ‘ক্রীড়া ভাতা’ এবং ‘ক্রীড়া কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হয়েছে, যা এপ্রিল থেকে পর্যায়ক্রমে ৫০০ জনে উন্নীত করা হবে।

অনুষ্ঠানে তারেক রহমান জানান, বর্তমান সরকার খেলাধুলাকে কেবল শখ বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে একে ইঞ্জিনিয়ারিং বা আইন পেশার মতো একটি পূর্ণাঙ্গ ‘পেশা’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

খেলোয়াড়রা যেন অর্থনৈতিক অনিশ্চয়তায় না ভোগেন, সেজন্য প্রথমবারের মতো তাদের জন্য একটি সুনির্দিষ্ট ‘সম্মানি কাঠামো’ বা মাসিক ভাতার ব্যবস্থা চালু করা হয়েছে  বলে জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান আরও বলেন, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে আগামী ৩০এ এপ্রিল সিলেট থেকে নতুন একটি কর্মসূচি শুরু হবে। প্রাথমিকভাবে ৭টি ইভেন্টে প্রতিভাবানদের বাছাই করে তাদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

ক্রীড়াবিদদের পাশাপাশি কৃষকদের কল্যাণে আগামী ১৪ই এপ্রিল টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’-এর পাইলট প্রজেক্ট শুরু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান খেলোয়াড়দের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তারা যেন কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি না হয়ে নিজেদের দেশের প্রতিনিধি হিসেবে গড়ে তোলেন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেন।