জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের পরবর্তী প্রধান বিচারপতি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

বাংলাদেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী, বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে কর্মরত রয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

জুবায়ের রহমান চৌধুরী হবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি, যিনি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

নির্ধারিত ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী শনিবার থেকে অবসরে যাচ্ছেন রেফাত আহমেদ। চব্বিশের অভ্যুত্থানের পর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নেন।

রেফাত আহমেদ ছুটিতে দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি জুবায়ের রহমান।

প্রজ্ঞাপন জারির পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে তিনি শপথ নেবেন এবং ওইদিন থেকেই তার নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চারদশক আগে ১৯৮৫ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন জুবায়ের রহমান। ১৯৮৭ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ই মে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরী ছিলেন বিচারপতি এবং মায়ের নাম বেগম সিতারা চৌধুরী।