জুলাইয়ের পর আওয়ামী লীগ সরকারের সময় হওয়া ৭৯৯টি হত্যাসহ ১৮৫৫টি মামলা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মধ্যে ৭৯৯টি হত্যা মামলা।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান মন্ত্রী।

আইনমন্ত্রী জানিয়েছেন এরই মধ্যে ৪৮টি হত্যা মামলাসহ ১৫৮টি মামলার তদন্ত শেষ হয়েছে। ১১০টি মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং বিচারকাজ চলছে।

এক হাজার ৬৯৭টি মামলার তদন্ত এখনও চলছে জানিয়ে মন্ত্রী বলেন, বিপুলসংখ্যক মামলার তদন্ত জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুততম সময়ে তদন্ত শেষ করতে পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে।

আইনমন্ত্রী জানান, প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য প্রমাণ সংগ্রহ এবং সঠিক প্রক্রিয়ায় তদন্ত হচ্ছে যেন বিচারপ্রক্রিয়ায় কোনো আইনি দুর্বলতা না থাকে।

জামিন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, জামিন দেওয়া পুরোপুরি আদালতের এখতিয়ার। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপনের মাধ্যমে আসামিদের জামিনের বিরোধিতা করছেন।

আইনমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় হওয়া নৃশংস অপরাধের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও সংসদে জানান তিনি।