পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ

আপডেট : ০৪ জুন ২০২৬, ১২:২৯ পিএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের সময়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া খন্দকার রাশেদ মাকসুদ।

বৃহস্পতিবার বিএসইসির মুখপাত্রের দপ্তর থেকে পাঠানো চেয়ারম্যানের একটি লিখিত বক্তব্যে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেখানে তিনি বলেছেন, “গত ২১ মাস ধরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর আমি ব্যক্তিগত উদ্যোগ ও কাজে মনোনিবেশ করার জন্য এই সরকারি পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”

অবশ্য গত ২রা জুন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুই সপ্তাহের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠনের কথা জানিয়েছিলেন।

তার দুই দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন খন্দকার রাশেদ মাকসুদ।

চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের ১৮ই অগাস্ট বিএসইসির দায়িত্ব দেওয়া হয় তাকে।