সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করলো ফেরারি

গাড়িটি উন্মোচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ নতুন ডিজাইনকে “গেম-চেঞ্জার” বলে প্রশংসা করেছেন, আবার কেউ এটিকে ফেরারির ঐতিহ্য থেকে সরে যাওয়ার উদাহরণ হিসেবে সমালোচনা করেছেন।

আপডেট : ২৬ মে ২০২৬, ১১:৪২ এএম

বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা ফেরারি তাদের প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে। “লুচে” নামের এই গাড়িটির মূল্য ধরা হয়েছে প্রায় ৬ লাখ ৪০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আট কোটি টাকা। 

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই মডেলটি প্রচলিত ফেরারি ডিজাইন থেকে বেশ আলাদা। এটি ব্র্যান্ডটির ইতিহাসে প্রথম পাঁচ আসনের গাড়ি। গাড়িটির ডিজাইন তৈরিতে সহযোগিতা করেছে অ্যাপলের সাবেক ডিজাইন প্রধান জনি ইভি এর প্রতিষ্ঠান লাভফ্রম।

ফেরারির প্রধান নির্বাহী বেনেদেত্তো ভিগনা জানান, “লুচে” তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছে। ইতালীয় ভাষায় “লুচে” শব্দের অর্থ “আলো”।

ফেরারি জানিয়েছে, গাড়িটির প্রতিটি চাকার সঙ্গে আলাদা বৈদ্যুতিক মোটর যুক্ত রয়েছে। এর ফলে মাত্র আড়াই সেকেন্ডের মধ্যেই শূন্য থেকে ৬০ মাইল গতিতে পৌঁছাতে পারে গাড়িটি। 

গাড়িটি উন্মোচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ নতুন ডিজাইনকে “গেম-চেঞ্জার” বলে প্রশংসা করেছেন, আবার কেউ এটিকে ফেরারির ঐতিহ্য থেকে সরে যাওয়ার উদাহরণ হিসেবে সমালোচনা করেছেন।

বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়ার মধ্যে এই ঘোষণা এলো। এর আগে ল্যাম্বরগিনি এবং পোর্শে এর মতো প্রতিষ্ঠানও তাদের ইভি পরিকল্পনা সীমিত করার সিদ্ধান্ত নেয়।

 

তবে ফেরারি জানিয়েছে, বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি তারা পেট্রোল ও হাইব্রিড গাড়ির উৎপাদনও চালিয়ে যাবে।

 

গত এক বছরে ইউরোপের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাণকারী এই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ২৫ শতাংশের বেশি কমেছে। বিবিসি বলছে, বিষয়টিকে বৈশ্বিক মুদ্রাস্ফীতির কারণে বিলাসবহুল পণ্যের চাহিদা কমে যাওয়ার সামগ্রিক প্রবণতারই প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।